আ.লীগ নেতাকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০টি অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ওরফে বকুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়।
১৩ মে কমিশনের সহকারী পরিচালক শেখ আবদুস ছালাম স্বাক্ষরিত চিঠিতে রেজাউল করিমের বিরুদ্ধে ১০টি অভিযোগ তুলে এ ব্যাপারে তাঁকে ৩১ মে বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচার দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
কমিশন যে ১০টি অভিযোগে এ তদন্ত করছে সেগুলো হলো: মধুখালীর মুরারদিয়া গ্রামে ২০০৪ সালে পাঁচ একর ফসলি জমি কেনা, মধুখালী রেললাইনের পূর্ব পাশে ৩৮ শতাংশ জমি কেনা, মধুখালী উপজেলার প্রবেশপথে ২৪ শতাংশ জমি কেনা, পাঁচ টনি একটি ট্রাক কেনা, একটি মাইক্রোবাস কেনা, সোনালী ব্যাংক কানাইপুর শাখায় ৫০ লাখ টাকা সঞ্চয় রাখা, স্ত্রী নাসিমা আক্তারের সংগ্রহে থাকা ৫০-৬০ ভরি সোনার অলংকার, মুরারদিয়ায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বসতবাড়ি, ঢাকার তাজমহল রোডে ৮০ লাখ টাকায় কেনা একটি ফ্ল্যাট কেনা ও মধুখালী সুজিত মহাজনের কাছ থেকে ৮০ লাখ টাকা গ্রহণ।
অভিযোগ ভিত্তিহীন দাবি করে মো. রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘২০০৪ সালে আমি মধুখালীর জাঁহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে পাঁচ একর জমি কিনেছি। তবে ওই জমি কেনা ছাড়া আমার বিরুদ্ধে আর যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই।’ তিনি বলেন, দুদকের চিঠি তিনি এখনো পাননি। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে জবাব দেওয়া হবে।