আ.লীগ নেতাকে প্রধান আসামি করে মামলা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত বৃহস্পতিবার চার পুলিশকে আহত করার ঘটনায় আওয়ামী লীগের নেতা মো. মান্নান মোল্লাসহ প্রায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের যুববিষয়ক সম্পাদক ও বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মান্নান মোল্লাকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার আটক করা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া গতকাল শুক্রবার এজহারভুক্ত আসামি পৌরসভার কামারগ্রাম এলাকার ইলিয়াস হোসেন (৩০) ও ছোলনা এলাকার আওয়ামী লীগের সমর্থক খাবুল মোল্লাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। মহিদুল ও ইলিয়াসকে গতকাল দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে খাবুল মোল্লা পুলিশ হেফাজতে রয়েছে।বোয়ালমারী পৌরসভার মেয়র আ. শুকুর শেখ বলেন, পৌর কাউন্সিলর মান্নানের সঙ্গে পুলিশের গণ্ডগোল হয়েছে। কিন্তু অন্যায়ভাবে মহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলের কাগজপত্র দেখাকে কেন্দ্র করে বোয়ালমারীর এক পৌর কাউন্সিলরের নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হন।