আ.লীগ নেতাকে বেধড়ক পেটালেন যুবলীগ সভাপতি?
বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দারকে উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আলম ওরফে মহারাজ পিটিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নজরুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে বামনা শহরের সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় যুবলীগের নেতা ফিরোজ আলম তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় ফিরোজ তাঁকে মারধর শুরু করলে নজরুল মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে বিদ্যালয়ের ভেতরে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। ফিরোজ ধাওয়া করে বিদ্যালয়ে মধ্যে ঢুকে নজরুল ইসলামকে বেধড়ক পেটান। এ সময় তাঁর চিৎকার শুনে বিদ্যালয়ের শিক্ষক ও পার্শ্ববর্তী লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
ফিরোজ আলম বলেন, ‘আমি কোনো মারধর করিনি। সাম্প্রতিক নির্বাচনের কর্মকাণ্ড এবং আগের কিছু বিষয় নিয়ে তাঁর সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়েছে।’
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ‘ঘটনাটি শুনেছি তবে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।’