আ.লীগ নেতাকে ভোট না দেওয়ায় জরিমানা!
রাজশাহীর বাগমারায় ‘আওয়ামী লীগ সমর্থিত’ এক চেয়ারম্যান প্রার্থীকে ভোট না দেওয়ায় সালিস বসিয়ে ‘বিএনপি সমর্থিত’ অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। সালিস বসানোর কথা স্বীকার করলেও জরিমানা আদায়ের কথা অভিযুক্ত ব্যক্তিরা অস্বীকার করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ জুন উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন মৃধা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন মল্লিককে পরাজিত করেন।অভিযোগমতে, নির্বাচনে শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেন্দিপাড়া গ্রামের বেশকিছু লোক প্রকাশ্যে আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেনের বিরুদ্ধে কাজ করেন। তাঁরা বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন মল্লিককে ভোট দেন। এতে স্থানীয় আওয়ামী লীগের লোকজন আকবর হোসেন মল্লিকের সমর্থকদের প্রতি ক্ষিপ্ত হন। এর জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য শামসুল হক, আওয়ামী লীগের নেতা বেলাল হোসেন, মোস্তফা গত মঙ্গলবার রাতে স্থানীয় স্কুল মাঠে সালিস বসান। সালিসে আকবর হোসেন মল্লিকের সমর্থক ও মেন্দিপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক, আবুল কালাম, আবদুল হান্নান, আবদুল মতিনসহ বেশ কিছু সমর্থককে সালিসে হাজির করা হয়। তাঁরা কেন আকবর হোসেনকে ভোট দিলেন এর কৈফিয়ত চান সালিসকারীরা। তাঁকে ভোট দেওয়ার জন্য তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। পরে তাঁরা আকবর হোসেনের সমর্থকদের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেন। জরিমানা না দিলে তাঁদের ক্ষমা করা হবে না বলেও তাঁরা হুমকি দেন। শেষে তাঁরা জরিমানা দিয়েই রেহাই পান।স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, তিনি সালিসে যেতে না চাইলে তাঁকে হুমকি দেওয়া হয়। পরে সেখানে গিয়ে তাঁদের হাতে ৫০০ টাকা জরিমানা দিয়ে রক্ষা পান। অন্যরাও একই রকম অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য শামসুল হক সালিসে নেতৃত্ব দেন। তবে জরিমানা আদায় করার কথা অস্বীকার করে শামসুল হক বলেন, ‘দলীয় কিছু লোক বিভ্রান্তির মধ্যে পড়েছিল। তাদের নিয়ে বসা হয়েছিল। তাদের বাপেরা (বাবা) আওয়ামী লীগ করে, তারা কেন অন্য দল করবে—এ নিয়ে বসা হয়েছিল। পারিবারিক শান্তি রক্ষার জন্য এ কাজ করা হয়েছে। কোনো জরিমানা আদায় করা হয়নি।’শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন মল্লিক অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকদের কাছ থেকে জোর করে জরিমানা আদায় করা হয়েছে। তাঁকে ভোট দেওয়ার অপরাধে এ ধরনের নোংরা কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, ওই গ্রামে তাঁর অর্ধশত কর্মী-সমর্থকের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তিনি এ ধরনের কোনো অভিযোগ পাননি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান চৌধুরী জানান, তিনিও এ ধরনের কোনো কথা শোনেননি। তাঁর দলের কেউ এ ধরনের কাজ করতে পারে না বলে দাবি করেন তিনি।