আ.লীগ নেতাকে হত্যা প্রতিবাদে আজ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ শুক্রবার সদর উপজেলা আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে। বেলা তিনটায় মিরাপাড়া গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রভাষ রায় (৫০) নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত বুধবার রাত ১০টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই দিন রাত আটটার দিকে ওই ইউনিয়নের মিরাপাড়া বাজারে ফারুকের চায়ের দোকানের সামনে গল্প করার সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। তিনি মিরাপাড়া গ্রামের বাসিন্দা। নড়াইল শহরে বসবাস ও ব্যবসা করতেন। সরস্বতী পূজা উপলক্ষে বাড়িতে গিয়েছিলেন।
গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হয়। এখানে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে মিরাপাড়া গ্রামের শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। এর আগে মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রচুর লোক ভিড় করেন। স্ত্রী টুটুল রানী মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ছিলেন। স্বজনদের আহাজারিতে কান্না ধরে রাখতে পারছিলেন না অনেকে।
নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, শুক্রবার মিরাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করবে উপজেলা আওয়ামী লীগ। তিনি জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবিদুল ইসলামের পক্ষে কাজ করেন প্রভাষ রায়। এ নিয়ে বিদ্রোহী প্রার্থী শাহিদুর রহমানের সঙ্গে বিরোধ হয়। শাহিদুর রহমান বিজয়ী হন। নির্বাচনের পরদিন প্রভাষ রায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরও করা হয়। এর ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড।
নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান শাহিদুর রহমানসহ পাঁচজনকে রাতেই আটক করা হয়। গতকাল সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। এজাহার পেলেই ব্যবস্থা।