আ.লীগ নেতাকে হত্যার হুমকি যুবলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদকে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চাঁদাবাজির অভিযোগ দাখিলে এক মৎস্য ব্যবসায়ীকে সহযোগিতা করায় যুবলীগের ওই নেতা তাঁকে হত্যার হুমকি দেন বলে জানা গেছে।

পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, মথুরাপুর ইউনিয়নের ইসমাইল হোসেন সরকারি জলাশয় ইজারা নিয়ে মৎস্য চাষ করছেন। ওই ব্যবসায়ীর কাছে আমিনুল ইসলাম এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২৩ মে সকালে আমিনুল ওই ব্যবসায়ীকে মারধর করেন। এ ঘটনায় ২৫ মে ব্যবসায়ী থানায় অভিযোগ করেন।

শনিবার বিকেলে ইসমাইলকে সহযোগিতা করার অভিযোগে হাসান আহম্মেদকে মারধর করতে উদ্যত হন আমিনুল। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে আমিনুল প্রকাশ্যেই তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যান।

হাসান আহম্মেদ বলেন, ‘আমিনুলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করতে আমি ওই ব্যবসায়ীকে সহযোগিতা করিনি। সে ভুল বুঝে হত্যার হুমকি দিয়েছে।’

আমিনুল ইসলাম বলেন, ‘আমি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করিনি। আওয়ামী লীগের সভাপতির সহযোগিতায় ওই ব্যবসায়ী আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছেন।’