আ.লীগ নেতাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জমি দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগ নেতাদের স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল বুধবার এই অভিযান চালানো হয়।
সওজ ও উপজেলা প্রশাসন জানায়, কালিয়াকৈরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে ১৫-১৬ জন মাংস ব্যবসায়ী অস্থায়ীভাবে ব্যবসা করে আসছিলেন। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, চাপাইর বি বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা অটো টেম্পো মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হোসেনের নেতৃত্বে এক সপ্তাহ আগে ওই স্থান থেকে মাংস ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। পরে তাঁরা সওজের জমিতে মহাসড়ক ঘেঁষে সারিবদ্ধভাবে দোকান বরাদ্দ দেওয়া শুরু করেন। প্রতিটি দোকানের জন্য তাঁরা দেড় লাখ করে টাকা নেন।
এ বিষয়ে ২৩ আগস্ট প্রথম আলোয় ‘সওজের জমিতে আ.লীগ নেতাদের দোকান বরাদ্দ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর ২৪ আগস্ট টঙ্গী সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এস এম কামরুজ্জামান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় গতকাল বিকেলে টঙ্গী সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী শামিম আহসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে প্রায় ৩০টি অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।