রাজশাহীতে কমিউনিটি রেডিও পদ্মার অনুমোদন নিয়ে তথ্যমন্ত্রীর সামনে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত শুক্রবার সন্ধ্যার পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা মন্ত্রীর কাছে জানতে চান—কার সুপারিশে এই রেডিও অনুমোদন দেওয়া হয়েছে। সিসিডি, বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা এই রেডিওর উদ্যোক্তা। রাজশাহীতে দেশের প্রথম কমিউনিটি রেডিও পদ্মা গত শুক্রবার থেকে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন। এরপর মন্ত্রী নগরের আলুপট্টির মোড়ে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করতে আসেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রহমান। সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এম খায়রুজ্জামান। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রফিক উদ্দিন আহাম্মেদ, মীর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও তবিবুর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ। বজলুর রহমান মন্ত্রীর কাছে জানতে চান—কার সুপারিশে রেডিও পদ্মার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন চিঠি পেয়ে তিনি দেখেন, যাঁরা এই রেডিওটা চালাচ্ছে তাঁদের কাউকে তিনি চেনেন না। তিনি জানেন না, তাঁরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, নাকি জিয়াউর রহমান বা মতিউর রহমান নিজামীর আদর্শে বিশ্বাসী। এগুলো তাঁদের মাধ্যমে যাচাই-বাছাই করে নেওয়ার দরকার ছিল। তাঁর কথার সূত্র ধরে বেশ কয়েকজন নেতা-কর্মী রেডিও পদ্মার অনুমোদনে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে রফিক উদ্দিন সভায় উপস্থিত বিএমডিএর চেয়ারম্যান নূরুল ইসলাম ও আওয়ামী লীগের নেতা নূরুল ইসলামের বিরুদ্ধে বিএনপির লোকের পক্ষে সুপারিশ করা ও দালালির অভিযোগ উত্থাপন করেন। নূরুল ইসলাম বিষয়টি অস্বীকার করলে এ নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে যায়।তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম ও জিনাতুন নেসার সুপারিশে এই রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে। তাঁদের এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনিই বজলুর রহমানকে বলেন, তাঁরা জানেন না, বিষয়টি তাঁকে জানালে তিনি তাঁর কর্মসূচি বাতিল করে দিতেন। তার পরেও এটা পরীক্ষামূলক সম্প্রচার। কী করছে দেখা যাক। পরে চূড়ান্ত অনুমোদনের সময় দেখা যাবে। সিসিডি, বাংলাদেশের পরিচালক ও রেডিও পদ্মার প্রধান সমন্বয়কারী জি এম মুরতুজা বলেন, নীতিমালা অনুযায়ী এই রেডিওতে রাজনৈতিক কথা বলার সুযোগ নেই। সরকার আবেদন চেয়েছিল। তাঁরা আবেদন করেছেন। সরকার বিভিন্ন রকম তথ্য চেয়েছে। অনেকবার যাচাই-বাছাই করেছে। তারপর ৩০০টি আবেদনের মধ্য থেকে ১৪টি অনুমোদন করেছে। স্থানীয় রাজনীতিকদের সঙ্গে আলাপ না করে সরাসরি মন্ত্রীকে আনার জন্য আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভ থাকতে পারে। এ জন্য তাঁরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে পারেন।