আ.লীগ নেতাদের ঘোষণায় সড়ক নির্মাণকাজ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি কাটার কাজে ‘স্থানীয় লোক’ নেওয়ার দাবি না মানায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নির্মাণাধীন শাহজালাল সার কারখানার সড়ক নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের উপজেলার নেতারা। তাঁদের দাবি না মানলে মাটি কাটার কাজ আর করতে দেওয়া হবে না—এমন হুমকিতে ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচ দিন ধরে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।নির্মাণসামগ্রী ও শ্রমিক নিয়োগ করেও কাজ বন্ধ থাকায় প্রতিদিন গড়ে তিন লাখ টাকা লোকসানের মুখে পড়েছে নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান।নির্মাণাধীন শাহজালাল সার কারখানা প্রকল্প সূত্র জানায়, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জে বর্তমান সার কারখানার দক্ষিণ-পশ্চিমে এর নির্মাণকাজ ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পর থেকে সার কারখানার বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করে চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেড।এ প্রতিষ্ঠানের কাছ থেকে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ব্রাদার্স গ্রুপ’ সার কারখানার প্রকল্প এলাকায় প্রাথমিক পর্যায়ে ছয় কোটি টাকার মাটির কাজ পেয়ে ৯ এপ্রিল প্রকল্প এলাকায় সড়ক নির্মাণে মাটি কাটার কাজ শুরু করে। ফেঞ্চুগঞ্জে বর্তমান সার কারখানার পশ্চিম পাশ দিয়ে নতুন প্রকল্প এলাকায় যাতায়াতের জন্য ওই সড়ক নির্মাণ দ্রুত সমাপ্ত করার নির্দেশনা ছিল। এ কারণে মাটি কাটার কাজ দিনরাত চলছিল। এ অবস্থায় ৪ জুন রাতে ব্রাদার্স গ্রুপের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত ফেঞ্চুগঞ্জ সার কারখানার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বৈঠক করেন।বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীসহ অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বের হয়ে আবদুল বাছিত সড়ক নির্মাণে মাটির কাজ ‘স্থানীয় লোক’ ছাড়া কাউকে করতে দেওয়া হবে না বলে সাংগঠনিকভাবে ঘোষণা দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ ঘোষণায় পরদিন ৫ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা প্রকল্পস্থলে অবস্থান করলে আওয়ামী লীগের নেতা বাছিত একদল যুবক নিয়ে সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে আসেন। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। ব্রাদার্স গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক অরভিন্দ মণ্ডল কাজ বন্ধ রাখার সত্যতা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে ডেকে নিয়ে বৈঠক করে মাটির বন্ধ করতে নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।’কাজ বন্ধ রাখার কারণ জানতে চাইলে আওয়ামী লীগের নেতা আবদুল বাছিত বলেন, ‘এটা আসলে কারও একক কোনো স্বার্থে বন্ধ রাখা হয়নি। এলাকায় এত বড় একটি প্রতিষ্ঠান হচ্ছে, তাতে স্থানীয় লোকদের কোনো কাজের সুযোগ নেই। স্থানীয়রা তো আর প্রকৌশলী বা বড় কর্মকর্তা হতে পারবে না, তাই মাটি কাটার কাজটা অন্তত স্থানীয়দের দেওয়ার দাবি করছি আমরা।’ আওয়ামী লীগের নেতা জানান, তাঁদের দাবি সম্পর্কে স্থানীয় সাংসদও অবহিত আছেন।এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ করে স্থানীয় লোকদের কাজের সুযোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করছেন। তবে এ ব্যাপারে গতকাল বিকেলে স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদের মুঠোফোনে একাধিকার কল করেও কথা বলা সম্ভব হয়নি। সড়ক নির্মাণের কাজ শুরু করার মাঝপথে বন্ধ রাখায় প্রতিদিন গড়ে তিন লাখ টাকার লোকসান হচ্ছে জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, পাঁচ দিন ধরে কাজ না করায় প্রতিষ্ঠানের ১৫ লাখ টাকার লোকসান হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মীমাংসার চেষ্টা চলছে।