আ.লীগ নেতাদের চাঁদা দিয়ে নিষিদ্ধ সময়ে জাটকা নিধন
ভোলার সাগর মোহনায় নিষিদ্ধ সময়ে চাঁদা দিয়ে জাটকা ধরছেন জেলেরা। আইন প্রয়োগকারী সংস্থাকে ‘ম্যানেজ’ করার নামে ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ চাঁদা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকাসহ অন্যান্য মাছের পোনা রক্ষার জন্য বছরের সাত মাস (নভেম্বর-মে) জাটকা সংরক্ষণ মৌসুম ধরা হয়। এর মধ্যে দুই মাস (মার্চ-এপ্রিল) মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটারে জাল ফেলা নিষিদ্ধ। এ ছাড়া সারা বছরই খরছি, মশারি, বেহুন্দি, চরঘেরা ও কারেন্ট জাল নদীতে ফেলা নিষেধ।সরেজমিনে দেখা গেছে, ভোলার দক্ষিণে সাগর মোহনায় কয়েক হাজার জেলে নিষিদ্ধ জাল (মশারি, বেহুন্দি, খরচিজাল, খুটাজাল ও চরঘেরা) দিয়ে জাটকাসহ অন্যান্য মাছের পোনা ধরছেন। ঢালচরের জেলে হাবিবুর রহমান, কাওসার আহমেদ, আবুল বশার, আলমগীর, খোরশেদ ও মামুন অভিযোগ করেন, প্রতি মাসে দুটি গোনে (একটি অমাবস্যা ও অন্যটি পূর্ণিমা) বেশি মাছ পড়ে। প্রতি গোনে আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ ও কোস্টগার্ড) ম্যানেজ করার নামে আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁদের কাছ থেকে জালপ্রতি এক হাজার টাকা নিচ্ছেন।কোস্টগার্ডের দক্ষিণ আইচা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পেটি অফিসার) তারেক মোস্তফা চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কমান্ডার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেঁচা বাবুল ও ছাত্রলীগের সহসভাপতি কামরুল ইসলাম জেলেদের কাছ থেকে চাঁদা তুলছেন। এসব নেতা অনেক সময় আমাদের নামেও নাকি চাঁদা ওঠান। এ বিষয়ে আমরা খোঁজ নিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জেলেদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, মোস্তফা কমান্ডার, যুবলীগের নেতা বেঁচা বাবুল ও ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগ অস্বীকার করেছেন।ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারী জানান, ঢালচরের প্রতিটি মাছঘাটের জেলে ও আড়তদারের কাছ থেকে মোস্তফা কমান্ডারের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আইন প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করার নামে চাঁদা তুলছেন। তবে সে টাকা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দেয় কি না তা তাঁর জানা নেই।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ দিলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।