আ.লীগ নেতাদের চাপে হত্যা মামলার আপস মীমাংসা!
ঝালকাঠিতে আওয়ামী লীগের একদল নেতার চাপের মুখে ছাত্রদলের নেতা রিয়াজ মোল্লা হত্যা মামলা পাঁচ লাখ টাকায় আপস মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার জেলা ও দায়রা জজ আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণের সময় এই তথ্য প্রকাশ পায়।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে রিয়াজ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য নেন জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বকাউল। এ সময় মামলার বাদী জব্বার মোল্লা কান্নাজড়িত কণ্ঠে আদালতকে বলেন, ‘বিরোধ করে আর লাভ কী, তাই আপস হয়ে গেছি। আসামিদের খালাসে আমার আপত্তি নেই।’ আদালত গত সোমবার অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি। গতকাল মঙ্গলবার রিয়াজের মা শাহিদা বেগম ও ছোট ভাই রিয়াদ মোল্লার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা আদালতে হাজির হননি। পরে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত এপ্রিলের ১, ২ ও ৩ তারিখ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যা মামলায় আপস মীমাংসায় মধ্যস্থতাকারী ও সালিসদার হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, পৌর মেয়র আফজাল হোসেন এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার শেখের হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন খানের স্বাক্ষর ও সিল এবং মামলার বাদী জব্বার মোল্লা ও মামলার ২ নম্বর আসামি মুশফিকুর রহমানের স্বাক্ষর রয়েছে। আপসনামায় আসামিপক্ষ অঙ্গীকার করে, তারা ভবিষ্যতে বাদীপক্ষের কোনো ক্ষতিসাধন করবে না এবং বাদীর মামলার খরচ বাবদ যে টাকা ধার্য হয়েছে, তা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখায় বাদীর হিসাব নম্বরে ১৭ ফেব্রুয়ারি জমা দেওয়া হয়েছে। আপসনামায় টাকার অঙ্ক উল্লেখ না থাকলেও পাঁচ লাখ টাকা ওই হিসাব নম্বরে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। জব্বার মোল্লা অভিযোগ করেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র ও দুই আসামির ভাই কেউড়া ইউপির চেয়ারম্যান মঈন তালুকদার আমাকে আপসনামায় স্বাক্ষর দিতে বাধ্য করেন। রোববার আমি সরকারি কৌঁসুলির (পিপি) কক্ষে ঢোকার পর আট আসামি আমার পা জড়িয়ে ধরে মাফ করে দিতে বলে। আমি রাজি না হলে অজ্ঞাত দুই ব্যক্তি আমাকে ধরে কক্ষের শৌচাগারে নিয়ে যায়। সেখানে একটি বড় চাকু দেখিয়ে ওরা বলে, এই চাকু দিয়ে আপনি সব আসামিকে হত্যা করুন অথবা আপসনামায় স্বাক্ষর দিন। চাপ দেওয়া অভিযোগ অস্বীকার করে খান সাইফুল্লাহ বলেন, দুই পক্ষের অনুরোধে তিনি আপসনামায় সই করেন। পৌর মেয়র আফজাল হোসেনের ব্যক্তিগত মুঠোফোনে গত সোমবার বিকেলে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নুরুল আমিন খান বলেন, ‘আমি পিপির কক্ষে ছিলাম না। আপসনামায় সেক্রেটারি ও মেয়রের স্বাক্ষর দেখে আমিও স্বাক্ষর করি।’