আ.লীগ নেতাদের ডিজিটাল ব্যানার!
জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়পুরহাট সফরকে সামনে রেখে এসব ব্যানার টাঙানো হয়েছে।জানা গেছে, আগে কাপড় দিয়ে ব্যানার তৈরি করা হতো, নতুন প্রযুক্তির কারণে এখন সেটিও ডিজিটাল হয়ে গেছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট করতে এবং এলাকার উন্নয়নের দাবি তুলে ধরে কালাইয়ের নেতারা সড়কের মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ব্যানারগুলো টাঙিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসতে অনেক টাকা খরচ করে ব্যানার বানিয়েছি। প্রধানমন্ত্রী আমার ছবি ও নাম দেখলেই দলের একজন ক্ষুদ্র নেতা হিসেবে আমি নিজেকে ধন্য মনে করব।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক সাবের রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অবসর চৌধুরী, পৌর কাউন্সিলর মোলায়েম হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রহিম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক এগুলো টাঙিয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অবসর চৌধুরীর ব্যানারে জামালগঞ্জ খনির কয়লা উত্তোলন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হকের ব্যানারে আক্কেলপুর স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের দাবি তুলে ধরা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে প্রাণবন্ত করতে তিনি ডিজিটাল ব্যানার টাঙিয়েছেন।অবসর চৌধুরী জানান, এসব ব্যানার শুধু আক্কেলপুর পৌরশহর নয়, গোটা জেলায় টাঙানো আছে। প্রধানমন্ত্রীর জয়পুরহাট সফর সফল করতেই এগুলো করা হয়েছে।