আ.লীগ নেতাদের দখলে ১০০ একর জমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মধুপুর কেন্দ্রের অন্তত ১০০ একর জমি বেদখল হয়ে গেছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতারা এসব জমি দখল করেছেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ও টাঙ্গাইল বন বিভাগ সূত্রে জানা যায়, দেশি-বিদেশি বিরল প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণার জন্য ১৯৬৭ সালে মধুপুর বনাঞ্চলের চাঁড়ালজানি এলাকায় বন গবেষণাকেন্দ্র স্থাপন করা হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের অধীনে এটি পরিচালিত হচ্ছে। এই ইনস্টিটিউট স্থাপনে বন বিভাগ ৪০০ একর জমি দেয়। নব্বইয়ের দশকে ইনস্টিটিউটের এ ৪০০ একর জমির প্রায় সব গাছ সাবাড় করে ফেলেন রাজনৈতিক প্রশ্রয়ে থাকা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। স্থানীয় সূত্র জানায়, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ইনস্টিটিউটের জায়গা দখল শুরু করেন। মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রামকৃষ্ণবাড়ি গ্রামের আবদুল কুদ্দুস, অরণখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেওয়াজ আলী খান, অরণখোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন এবং মধুপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেন এ দখলে নেতৃত্ব দেন। পরে উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও এ দখল-প্রক্রিয়ায় যুক্ত হয়ে জমি নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন। তাঁরা সেখানে গত বছর হলুদ ও পেঁপের চাষ করেন। হলুদ ওঠার পর এখন আনারসের চারা রোপণ করা হচ্ছে।সম্প্রতি সরেজমিন দেখা যায়, দখল হওয়া জায়গাগুলোতে আনারসের চারা রোপণের কাজ চলছে। শ্রমিক সাইফুল মিয়া ও জলিল মিয়া জানান, আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন চারা রোপণের জন্য তাঁদের দিনমজুর হিসেবে নিয়োগ দেন। যোগাযোগ করা হলে আক্তার হোসেন নিজে দখলের কথা অস্বীকার করেন। তবে শীর্ষস্থানীয় নেতারা এ জমি দখলের সঙ্গে সম্পৃক্ত বলে জানান। মিনহাজ উদ্দিন বলেন, ‘বড় বড় নেতারা দখলের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দিতে সাহস পায় না। আমরা যারা নিরীহ, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কর্মকর্তারা দায় এড়ায়।’ইনস্টিটিউটের ডেপুটি রেঞ্জার আতিকুর রহমান জানান, এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে। টাঙ্গাইল বন আদালত সূত্র জানায়, মামলায় নেওয়াজ আলী খান, মিনহাজ উদ্দিন এবং স্থানীয় আশফ আলী নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। তাঁরা বর্তমানে জামিনে আছেন।স্থানীয় সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এই ইনস্টিটিউটের প্রায় ২০০ একর জমি দখল করে চাষাবাদ শুরু করেন। ওই দখলদারেরা সে সময় উচ্চপর্যায়ে তদবির করে তাঁদের দখল করা ২০০ একর জমি বন ইনস্টিটিউটের কাছ থেকে বন বিভাগের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। পরে ওই জমি বন বিভাগের কাছ থেকে সামাজিক বনায়নের প্লট হিসেবে বরাদ্দ নিয়ে দখলের বৈধতা নেন। সেখানে ভেষজ উদ্যানের পাশাপাশি চাষাবাদ করা হচ্ছে।মধুপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল হক বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মধুপুরে এসব জমি দখল করেছেন। দখলদারদের কাছ থেকে বনভূমি উদ্ধারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী বলেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের দখলের ফলে মধুপুর বন গবেষণাকেন্দ্রটি মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জীববৈচিত্র্য ও বন গবেষণার স্বার্থে প্রতিষ্ঠানটির বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের দাবি জানান তিনি। এসব জায়গা উদ্ধারে গত জুলাইয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শহিদুল্লাহ মধুপুরের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা দাবি করেন, বিএনপির নেতারা জায়গা না ছাড়লে তাঁরাও ছাড়বেন না। মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার দাবি করেন, জোট সরকারের আমলে বন গবেষণাকেন্দ্রের কোনো জমি বেদখল হয়নি। বন বিভাগের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ নেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শহিদুল্লাহ বলেন, বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে নানাভাবে চেষ্টা চলছে।