আ.লীগ নেতাদের নেতৃত্বে ইটভাটায় চাঁদাবাজি!
চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইটভাটা মালিক সমিতির লোকজন অপর একটি ইটভাটা মালিক সমিতির পক্ষের দুজনকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার গাবতল এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্বে দুই সমিতির নামে চাঁদা আদায় করা হচ্ছে। আহত ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের কামাল হোসেন (৩৮) ও তৌহিদুল ইসলাম (২৬)। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইটভাটার মালিকদের সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলায় ৮১টি ইটভাটা আছে। বেশ কয়েকটি ইটভাটার মালিকেরা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামশুল আলমের নেতৃত্বে ইটভাটা সমিতি গঠন করেছেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজের নামে চাঁদা আদায়ের জন্য এ সমিতি গঠন করা হয়েছে। সামশুল আলমের বিরুদ্ধে চাঁদার টাকা আত্মসাতের অভিযোগ তুলে আরেক আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান চৌধুরীর নেতৃত্বে কতিপয় মালিক অপর একটি ইটভাটা সমিতি গঠন করে চাঁদা আদায় করছেন। সামশুল আলমের নেতৃত্বে গঠিত সমিতির পক্ষ থেকে গত রোববার রাতে কামাল হোসেন ও তৌহিদুল ইসলাম গাবতল এলাকায় এবিসি ইটভাটার মালিক সিরাজুল ইসলাম ও সিবিআই ইটভাটার ব্যবস্থাপক মো. ইলিয়াছের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। খবর পেয়ে সিবিআই ইটভাটার মালিক সাইফুল ইসলামসহ অন্য ইটভাটার মালিকেরা ঘটনাস্থলে এসে কামাল হোসেন ও তৌহিদুল ইসলামকে কুপিয়ে আহত করেন। সামশুল আলম বলেন, ‘রাঙ্গুনিয়ায় ইটভাটা ব্যবসা শুরুর পর থেকে সমিতির মাধ্যমে চাঁদা আদায় করে প্রশাসনকে ম্যানেজ করার নিয়ম চলে আসছে। বর্তমান ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি সেই দায়িত্ব পালন করছি।’ সাইফুল ইসলাম বলেন, ‘সামশুল আলমের নেতৃত্বে গঠিত ইটভাটা সমিতি তিন মাস আগে প্রতিটি ইটভাটা থেকে ১৬ হাজার টাকা করে চাঁদা আদায় করে আত্মসাৎ করেছেন। তাই আমিনুর রহমান চৌধুরীর নেতৃত্বে অন্য একটি ইটভাটা সমিতি গঠন করে যেখানে যাকে ম্যানেজ করতে হয়, করছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বলেন, দুই সমিতির দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার কারণে কামাল ও তৌহিদুল ইসলামকে কুপিয়েছে প্রতিপক্ষরা। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।