আ.লীগ নেতাদের নেতৃত্বে চলনবিলে পোনা নিধন
নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার চলনবিলে অবাধে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন করা হচ্ছে। এই নিধনযজ্ঞের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার আটটি উপজেলার কিছু অংশ নিয়ে বৃহত্তর চলনবিল, যা দেশীয় প্রজাতির মাছের অভয়াশ্রম ও মৎস্যভান্ডার হিসেবে পরিচিত। মিঠাপানির রকমারি সুস্বাদু মাছ রয়েছে এই বিলে। চলনবিলের এক-তৃতীয়াংশ পড়েছে পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সীমানায়। প্রতিবছর ইজারা ও চুক্তির মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীরা এই এলাকায় মাছ ধরার দায়িত্ব পেয়ে থাকেন। বিধান রয়েছে, বর্ষার পানি নেমে যাওয়ার পর বিলে জমে থাকা পানি থেকে মাছ ধরা যাবে। তবে মাছ ধরতে কোনো প্রকার অবৈধ জাল ব্যবহার করা যাবে না। উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা সাহেব আলী জানান, ক্ষমতাসীন দলের দুই-তিনজন নেতার তত্ত্বাবধানে বিলের মাছ নিধন চললেও এর সুফল ভোগ করেন বিলপারের নেতা-কর্মীরা। মাছ বিক্রির টাকা দলীয় পদবি অনুযায়ী তাঁদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয়। ফলে বঞ্চিত হন প্রকৃত মৎস্যজীবীরা।গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে চলনবিলের বিভিন্ন এলাকায় দেখা গেছে, চাটমোহরের সাইকোলা ইউনিয়নের জিয়েলগাড়ী, কাটানদী; নিমাইচড়া ইউনিয়নের কাটাজোলা, ছায়ালদহ ও মির্জাপুর জোলা; বিলচলন ইউনিয়নের কিনু সরকারের জোলা, খলিশাগাড়ির বিল; হান্ডিয়াল ইউনিয়নের কাটানদী, ডেফলচড়া, পাইকপাড়া, হান্ডিয়াল স্থল জোলাসহ বিভিন্ন স্থানে বিলের বাঁকে বাঁকে বসানো হয়েছে অবৈধ সুতি জাল ও কারেন্ট জাল। নৌকায় করে চলছে বাদাই জাল ও বেড় জাল নিয়ে মৎস্য নিধন। সবদিক দিয়ে মাছের বিচরণ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এক দিনের পোনা মাছ থেকে শুরু করে ডিমওয়ালা মা মাছ, শামুক, ঝিনুকসহ জলজ কোনো প্রাণই রেহাই পাচ্ছে না এসব জাল থেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে নেওয়া হয়েছে নতুন কৌশল। সুতি জালের বেড়ার বড় বড় বাঁশ ছেঁটে পানির সমান করা হয়েছে। যাতে দূর থেকে কারও নজরে না আসে। এলাকাবাসীর অভিযোগ, এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বিলে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন শুরু হয়েছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ও হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য বাবুর আক্তার। তাঁদের নেতৃত্বে বিলের হান্ডিয়াল স্থল, ডেফলচড়া, কৃষি কলেজ মোড় ও পাইকপাড়া এলাকায় চারটি অবৈধ সুতি জাল স্থাপন করা হয়েছে। এ ছাড়া নামে-বেনামে বিলের বাঁকে বাঁকে রয়েছে আরও আট-দশটি সুতি জালের বেড়া। হান্ডিয়াল ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম বলেন, ‘সুতি জাল দিয়ে মাছ ধরা হয় এটা ঠিক। তবে আমি এ কাজের সঙ্গে জড়িত নই। চেয়ারম্যান হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকুই পালন করি।’ তবে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য বাবুল আক্তার বলেন, ‘যারা মাছ ধরার সঙ্গে জড়িত তারা অধিকাংশই অক্ষরজ্ঞানহীন। তাই ইজারাসংক্রান্ত বিভিন্ন কাজে আমরা ওদের সহযোগিতা করে থাকি।’ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব হোসেন খান পোনা ও ডিমওয়ালা মাছ নিধনের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি জানি। কিন্তু জনবল-সংকটের কারণে কোনো ব্যবস্থা নিতে পারি না। তবে এ বছর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব অবৈধ জাল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।’