আ.লীগ নেতাদের নেতৃত্বে সরকারি জায়গা দখল!
কুড়িগ্রামের রৌমারী বাস টার্মিনালের ১৯ শতাংশ খাসজমি আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২২ জুন ওই জায়গা দখল করার পর তাঁরা সেখানে কয়েকটি ঘর তুলেছেন। রৌমারী মোটর শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সোমবার লিখিত অভিযোগ দিয়েছে। টার্মিনালের জমি দখল করায় যাত্রীবাহী বাসগুলো শহরের প্রধান সড়কে রাখা হচ্ছে। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তি পোহাচ্ছে। ওই জমি দখলমুক্ত করা না হলে সারা জেলায় পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হবে বলে রৌমারী মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। ইউনিয়নের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ জুন বেলা ১১টায় রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে মিনু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে রবিনসহ কয়েকজন টার্মিনালের জমি দখল করে নেন। এ সময় তাঁরা শ্রমিকদের মারধর করেন এবং টার্মিনাল থেকে গাড়ি সরিয়ে নিতে বাধ্য করেন। পরে তাঁরা সেখানে কয়েকটি ঘর তুলে চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, টার্মিনালের দখল করা জমি টিনের বেড়া দিয়ে ঘিরে এবং শ্রমিকদের শৌচাগার তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দখলকারীরা স্থানীয় ভূমি কার্যালয় ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছেন। রৌমারী সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুস ছাত্তার জানান, দখলে নেওয়া ওই ১৯ শতাংশ জমি ১ নম্বর খাস খতিয়ানের। ইউএনওর কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়ে কয়েক বছর ধরে রৌমারী মোটর শ্রমিক ইউনিয়ন বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করছে।রৌমারী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, ‘প্রায় তিন-চার বছর ধরে আমরা ওই জায়গাটি বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করছি। যাত্রীদের জন্য আমরা সেখানে অনেক টাকা খরচ করে মাটি ভরাট ও গণশৌচাগার বানিয়েছি। হঠাৎ করেই স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ওই জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন।’ শ্রমিকনেতা আনিচুর রহমান আরও জানান, ২৪ ঘণ্টার মধ্যে বাস টার্মিনাল দখলমুক্ত করা না হলে জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টার্মিনাল দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, আগের মালিকেরা টার্মিনালের জমি দখল করে সেখানে ঘর তুলেছেন। আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান বলেন, ‘জমির আগের মালিক চান মিয়া, সুরুজ্জামান, নুরুজ্জামান ও আবুল কাশেম। তাঁরাই জমিটি দখলে নিয়েছেন। আমরা শুধু তাঁদের সহযোগিতা করেছি।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, ‘বাস টার্মিনাল দখলের বিষয়টি আমাকে জানানো হয়নি। দলীয় ফোরামে কোনো আলোচনাও হয়নি। দলের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত থাকলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’ইউএনও এ কে এম শওকত আলম মজুমদার টার্মিনালের জমি দখল হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ওই দিনই (২২ জুন) দখল ছেড়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের বলেছি। কিন্তু তাঁরা সময় নিয়ে টালবাহানা করছেন। ২৭ জুন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদককে ডেকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে।’