আ.লীগ নেতাদের বাধায় চাল পাচ্ছেন না দুস্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতাদের বাধার কারণে রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৫৭ জন দুস্থ নারী ভিজিডির চাল পাচ্ছেন না। তাঁদের মনোনীত নারীদের তালিকায় না রাখায় তাঁরা চাল বিতরণে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার দুস্থ নারীদের ভিজিডির তালিকাভুক্ত করার জন্য ইউপিকে দায়িত্ব দেওয়া হয়। তারা স্থানীয় ইউনিয়ন ভিজিডি কমিটির সহায়তায় তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটিতে অনুমোদনের জন্য পাঠায়। গত ফেব্রুয়ারিতে তালিকাগুলো অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে ১৫টিতে চাল বিতরণ করা হলেও গনিপুরে করা সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান অভিযোগ করেন, তিন দফা উদ্যোগ নিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মনোনীত কমিটির সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি খাতুন ও আওয়ামী লীগের সমর্থক আহমঞ্চদ আলীর বাধার কারণে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা তাঁদের দলের ৪২ জন সমর্থক নারীর নাম তালিকাভুক্ত করেছেন। বাকিদের তালিকা তিনি ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যদের নিয়ে প্রস্তুত করেছেন। তার পরও তাঁরা তালিকায় আরও দলীয় সমর্থক নারীর নাম দেওয়ার দাবি করে চাল বিতরণে বাধা দিচ্ছেন।এ বিষয়ে হারুন অর রশিদ জানান, দলীয় কোটায় ৪২ জন দুস্থ নারীর নাম দেওয়া হলেও চূড়ান্ত তালিকা থেকে বেশ কিছু নাম চেয়ারম্যান বাদ দিয়েছেন। এ কারণে তাঁরা চাল দিতে বাধা দিচ্ছেন। তবে চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, নীতিমালার কারণে পাঁচটি নামের পরিবর্তন হয়েছে, তা দলীয় লোকজনই করেছেন। গনিপুর ইউনিয়নের সাহিমা, সালেহাসহ কয়েকজন জানান, তাঁরা তিন দিন ১২ কিলোমিটার পথ হেঁটে ইউপি কার্যালয়ে গিয়ে ফিরে এসেছেন। উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ও বাগমারার ইউএনও সাদেকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানেন। দ্রুত সমস্যা সমাধান করে ওই ইউনিয়নে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হবে।