আ.লীগ নেতাদের বালু ব্যবসা হবিগঞ্জে পাঁচ সেতু ঝুঁকিতে
হবিগঞ্জ সদরের পাঁচটি সেতু ঝুঁকিতে ফেলে খোয়াই নদ থেকে বালু তোলা হচ্ছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেতুগুলোর কাছ থেকে বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদের দুই পাড়ের প্রতিরক্ষা বাঁধের অর্ধশত স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।জানা যায়, হবিগঞ্জ শহরের কামরাপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা পর্যন্ত ১২ কিলোমিটারের মধ্যে সেতুগুলো অবস্থিত। নদের ২২টি স্থানে শ্যালোইঞ্জিন বসিয়ে বালু তোলার কাজ চলছে। এ জন্য নদপারের ৯৫ একর জমি জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো), হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেন, সেতু ও কালভার্ট এলাকার ন্যূনতম ৫০ ফুটের ভেতরে কোনো রকম খনন করা যাবে না। অবৈধভাবে বালু তোলার কারণে ইতিমধ্যে তাঁরা দুটি মামলা করেছেন।হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ প্রথম আলোকে বলেন, পরিবেশ আইন অনুযায়ী নদের তীরে মাটি কাটা অবৈধ। বিশেষ করে, সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত মাছুলিয়া সেতুর অবস্থা একবারেই নাজুক।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শহরের কামরাপুর এলাকায় অবস্থিত সাইফুর রহমান সেতুর পাশে একটি শ্যালোইঞ্জিন বসানো হয়েছে। এখান থেকে উত্তর-দক্ষিণে এগোলে চৌধুরীবাজারে একটি বেইলি সেতু পড়ে। এরপর রয়েছে কিবরিয়া সেতু, মাছুলিয়া সেতু ও শায়েস্তাগঞ্জ সেতু। ৫২ ফুট দীর্ঘ শায়েস্তাগঞ্জ সেতুটি ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত। গুরুত্বপূর্ণ এ সেতুর মাত্র ৫০ ফুটের মধ্যে একটি শ্যালোইঞ্জিন বসানো হয়েছে। কোথাও কোথাও কোদাল দিয়ে নদতীরের মাটি কাটা হচ্ছে।নদে পাইপ ফেলে শ্যালোইঞ্জিনের সাহায্যে তরল বালু ও মাটি তুলে জমা করা হচ্ছে তীরে। সেখান থেকে প্রতিদিন কয়েক শ ট্রাক এবং ট্রাক্টরে করে মাটি ও বালু যাচ্ছে জেলার নানা স্থানে। শহরের আশপাশে মাটি ও বিট বালুর চাহিদা থাকায় এ ব্যবসা এখানে বেশ জমজমাট। প্রতিদিন তিন থেকে চার শ ট্রাক মাটি ও বালু বেচাকেনা হয় এখানে। এ ব্যবসার সঙ্গে একটি দালালচক্র এবং ট্রাক ও ট্রাক্টর মালিকদের একটি অংশ জড়িত। তাঁরা ৩০০ টাকায় প্রতি ট্রাক মাটি ও বালু কিনে তা ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছেন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খোয়াই নদের ৯৫ একর জমি এক বছরের জন্য ৬০ লাখ টাকায় ইজারা দেওয়া হয় রানা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে।জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক সোহেল রানা তালুকদার। তিনি হবিগঞ্জ-৩ (সদর) আওয়ামী লীগদলীয় সাংসদ আবু জাহিদের ভাগনে। তিনি ইজারাকৃত জমি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩০-৩৫ জন নেতা-কর্মীর কাছে উপ-ইজারা দিয়েছেন। উপ-ইজারাদারদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের নেতা বদরুল আলম। তিনি সাংসদ আবু জাহিদের ছোট ভাই। এ ছাড়া আছেন পৌর যুবলীগের সভাপতি উম্মেদ আলী ওরফে শামীম, সাংসদের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ফেরদৌস আহমেদ ও ছাত্রলীগ নেতা জাহির।উপ-ইজারা নেওয়া হবিগঞ্জ শহর যুবলীগের সভাপতি উম্মেদ আলী বলেন, উপ-ইজারাদারদের সঙ্গে আরও পাঁচ শতাধিক অংশীদার রয়েছেন। তিনি দাবি করেন, তাঁরা সেতুর ২০০ ফুট দূর থেকে বালু তুলছেন। এতে পরিবেশের কোনো সমস্যা হচ্ছে না। বরং নদ খনন হচ্ছে বলে দাবি করেন তিনি।ইজারাদার সোহেল রানা তালুকদার বলেন, ‘আমি ইজারা নেওয়ার পর উপ-ইজারা দিয়েছি উম্মেদ আলীকে। তাঁর লোকজন কীভাবে মাটি ও বালু তুলছেন, জানি না।’হবিগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আবু জাহিদ বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে বালু তোলার বিষয়টি জানা ছিল না। কেউ অনিয়ম করলে প্রশাসনের উচিত ব্যবস্থা নেওয়া।’ পরক্ষণেই তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এই প্রথম রাজস্ব আদায়ের মাধ্যমে এই নদ ইজারা দিয়েছে। অতীতে এখান থেকে অন্যায়ভাবে বালু উত্তোলন করা হয়েছে। হবিগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, এভাবে সেতুর কাছ থেকে বালু তোলার নিয়ম নেই। ইজারার শর্তে ছিল, প্রকৃতি, পরিবেশ ও স্থাপনার ক্ষতি না করে বালু তুলতে হবে।