আ.লীগ নেতাদের বাসায় একের পর এক হামলা
সিলেট আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নগরের ফাজিলচিস্ত এলাকায় তাঁর বাসার সামনে ককটেল বিস্ফোরণের সময় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করছিলেন।
এর আগে গত সোমবার রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরীর বাসায় পেট্রলবোমা হামলা হয়। ২ ডিসেম্বর সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুকউদ্দিন আহমদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদের মীরবক্সটুলার বাসায় পেট্রলবোমা হামলা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাত-আটটি মোটরসাইকেলে করে হেলমেট পরা কয়েকজন যুবক এসে মিসবাহউদ্দিনের বাসার সামনের রাস্তায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে চলে যান।
সোমবার রাত আটটার দিকে মোটরসাইকেলে করে ১৫-১৬ জন যুবক জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরীর বাগবাড়ির বাসার সামনে এসে সীমানাপ্রাচীর ডিঙিয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। আগুনে বাসার বারান্দায় রাখা কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়। পরে আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর চালিয়ে ওই যুবকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আয়ুব বলেন, খবর পাওয়ার পর ওই দুটো বাসার আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আবদুজ জহির চৌধুরীর বাসায় বোমা হামলাসহ সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ। দুপুর ১২টায় জেলা ও নগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে নগরের রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিরোধে রাস্তায় নামার সময় এসেছে। এখন থেকে রাজপথে তাদের মোকাবিলা করা হবে। সমাবেশ চলাকালে মিসবাহর বাসার সামনে ককটেল বিস্ফোরণের খবর এলে নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।