কক্সবাজার জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে জঙ্গিসম্পৃক্ততা ও জামায়াত-শিবিরপ্রীতির অভিযোগ তুলেছেন খোদ দলের নেতারা।গত শুক্রবার রাত ১০টায় কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতাদের যৌথ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের উপস্থিতিতে এ অভিযোগ করা হয়। দলের নেতারা বর্তমান জেলা কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন।সভায় জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী বলেন, সম্প্রতি রামুর পাহাড় থেকে আটক ছয় জঙ্গির মুক্তির জন্য আদালতে ওকালতি করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন। মহেশখালীর কুখ্যাত ক্যাডার ও জামায়াতের প্রভাবশালী সদস্য আকতার হামিদের অস্ত্র ও খুনের মামলা প্রত্যাহারের জন্য এ নেতাসহ অন্যরা সুপারিশ করেছেন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।জেলা আদালতের সরকারি কৌঁসুলি ও জেলা আওয়ামী লীগের নেতা মমতাজ আহমদ বলেন, জামায়াতের নেতা ও ক্যাডার আকতার হামিদের দুটি মামলা ভুলবশত প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল জাতীয় কমিটি। এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে। পরে ওই মামলা স্থগিত করা হয়েছে।জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম বলেন, বর্তমানে দলের সাংগঠনিতক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে।কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা টাকার বিনিময়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছেন। কিন্তু দলের অনেকে দৌড়ঝাঁপ করেও চাকরি পাচ্ছেন না।জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক ও জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ জানান, কক্সবাজার সরকারি কলেজের অনেক জমি দখল করে জামায়াতে ইসলামীর এক নেতা কিন্ডার গার্টেন (কেজি) স্কুল খুলে সেখানে শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন। এসব এলাকায় একাধিক আশ্রয়কেন্দ্র (মেস) খুলে শিবিরের ক্যাডারদের জঙ্গিসহ নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের সহায়তা করছেন আওয়ামী লীগের কতিপয় নেতা। এ কারণে প্রশাসনও কোনো ব্যবস্থা নিতে পারছে না। এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত প্রয়োজন। অবিলম্বে ওই এলাকায় একটি পুলিশফাঁড়ি স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাবউদ্দিন আহমদ বলেন, দলের এখানকার নেতারা ওপরে ‘আওয়ামী লীগ’ হলেও, ভেতরে ভেতরে অন্য দলের পক্ষে কাজ করেন।এ কে আহমদ হোসেন সভায় উত্থাপিত নানা অভিযোগ সম্পর্কে কোনো কথা বলেননি। তবে পরে তিনি সাংবাদিকদের কাছে বলেন, ‘দলের নেতা হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে ছয় জঙ্গির মুক্তির ব্যাপারে আমি আদালতে ওকালতি করেছি।’স্বরাষ্ট্রমন্ত্রী সারাহা খাতুন বলেন, জঙ্গিতৎপরতা ও জামায়াত-শিবিরের নেতাদের চাকরির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মহেশখালীর জামায়াতের নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সুপারিশের কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানকার পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় কমিটি অবহিত। দলের স্বার্থে কেন্দ্র সবকিছু করতে প্রস্তুত।