আ.লীগ নেতাদের বিরুদ্ধে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কতিপয় জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ি কার্যালয়ের এক নম্বর দরপত্র নোটিশের ১৭ গ্রুপের প্রায় পৌনে দুই কোটি টাকা কাজের দরপত্র জমাদানের শেষ দিন ছিল। অফিস খোলার সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী ওই কার্যালয়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে কিরণ চাকমা, মুকুল চাকমাসহ কয়েকজন দরপত্র জমা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু চৌধুরী সেখানে উপস্থিত হন। তাঁরা দলীয় নেতা-কর্মীদের কার্যালয়ের সামনে থেকে চলে যেতে বলে নিজেরাই সেখানে অবস্থান নেন। এ সময় তিন ব্যক্তি দরপত্র জমা দিতে এসে রণবিক্রম ত্রিপুরার সঙ্গে কথা বলেন। তিনি দুজনকে বাক্সে দরপত্র জমা দিতে বললেও একজনকে নিষেধ করেন। এর কিছুক্ষণ পর সেখানে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মংক্যচিং চৌধুরী। তাঁরা উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ও কিছু দিকনির্দেশনা দিয়ে চলে যান।নিজেদের যুবলীগের কর্মী দাবি করে কিরণ চাকমা, মংরী মারমা, কবি রঞ্জন ত্রিপুরা ও মুকুল চাকমা অভিযোগ করেন, তাঁদেরও দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা বলেন, ‘দরপত্র নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। এ বিরোধ যাতে সংঘর্ষে রূপ না নেয়, সে জন্য উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়েছি। নেতা-কর্মীদের শান্ত রেখেছি।’এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী কবির দেওয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।তবে নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার জানান, ১৭ গ্রুপের কাজের মূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা। এই কাজের ৩০ শতাংশ আওয়ামী লীগের কর্মীদের জন্য এবং বাকি ৭০ শতাংশ খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতি ও উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির মধ্যে ভাগবাটোয়ারা করা হয়েছে।