আ.লীগ নেতাদের বিরুদ্ধে ফের লোনা পানি তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১১টি গ্রামের ফসলের মাঠে আবারও লোনা পানি ওঠানোর অভিযোগ পাওয়া গেছে। লোনা পানি ওঠানোর প্রতিবাদে কৃষকদের লাগাতার কর্মসূচি চলাকালে তাঁরা শুক্রবার রাতের অন্ধকারে স্লুইসগেট খুলে পানি ঢুকিয়েছেন। এলাকার কৃষকদের অভিযোগ, গত শুক্রবার গভীর রাতে দ্বিতীয় দফায় রাঙ্গাবালী উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নির্দেশে ওই এলাকার তিনটি স্লুইসগেট খুলে দিয়ে লোনা পানি ঢোকানো হয়। এতে তরমুজসহ প্রায় কোটি টাকার বিভিন্ন ফসলের ক্ষতি হয়। এ ছাড়া লোনা পানির কারণে ভবিষ্যতে ফসলের ব্যাপক ক্ষতি হবে।এর আগে গত ২২ মার্চ বড়বাইশদিয়ার ওই ১১টি গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠে একইভাবে চিংড়ি ঘেরের মালিকেরা লোনা পানি ঢোকান। এলাকাবাসী জানান, বড়বাইশদিয়া ইউনিয়নের প্রধান তিনটি স্লুইসগেট ছাতিয়ানপাড়া, তুলাতলী ও টুঙ্গিবাড়িয়ার মাধ্যমে এলাকায় লোনা পানি ঢোকানো হচ্ছে। এ স্লুইসগেটগুলো নিয়ন্ত্রণ করছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওমর ফারুক, সহসভাপতি মো. জাফর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. কবির পালোয়ান। এই চারজন এলাকায় কয়েকটি চিংড়ি ঘেরের অংশীদার। দুই সপ্তাহ আগে ঘেরে চিংড়ি চাষের জন্য তাঁরা একযোগে স্লুইসগেটগুলো খুলে দিয়ে লোনা পানি ওঠান। এ বিষয়ে গত ২৮ মার্চ প্রথম আলোতে ‘আ.লীগ নেতাদের বিরুদ্ধে লোনা পানি ওঠানোর অভিযোগ’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।আওয়ামী লীগের নেতা এনামুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমাদের বিরুদ্ধে করা লোনা পানি ওঠানোর অভিযোগ ঠিক নয়। বড়বাইশদিয়ার কোনো ঘেরের মালিকানার সঙ্গে ওমর ফারুক, জাফর হাওলাদার, কবির পালোয়ান বা আমার সম্পৃক্ততা নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, ‘বড়বাইশদিয়ায় মাছের ঘেরে পানি তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি পক্ষের বিরোধ চলছে। এ বিষয়ে এলাকার কৃষকেরা আমার কাছে অভিযোগ করেছেন। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’