আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করে বিপাকে
রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন উপজেলার মাঝিগ্রামের রফিকুল ইসলাম। তিনি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাগমারা থানা সূত্রে জানা যায়, উপজেলার মাঝিগ্রামের রফিকুল ইসলাম চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ে চাকরি পাওয়ার আশায় আওয়ামী লীগ নেতাদের আট লাখ টাকা দিয়ে প্রতারিত হন। এ ব্যাপারে তিনি ৫ আগস্ট থানায় গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদসহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। এরপর থেকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের অনবরত হুমকিতে অতিষ্ঠ হয়ে নিরাপত্তা চেয়ে গত শুক্রবার রাতে রফিকুল ইসলাম থানায় আসেন। রাত ১০ টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বসে ঘটনা জানানোর সময়ই তাঁর মুঠোফোনে আবারও তাকে হুমকি দেওয়া হয়। ওই সময় ফোনটি ওসি নিয়ে হুমকিদাতার সঙ্গে কথা বলেন। এ বিষয়ে ওই রাতেই আসামিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।গনিপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন।