হবিগঞ্জ পৌরসভা ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পৌর প্রশাসনের মামলা না নিয়ে বরং মেয়র-সচিবসহ পৌর কর্মকর্তাদের বিরুদ্ধে ছিনতাই ও ভাঙচুরের মামলা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার বিকেলে পৌর প্রশাসন এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসনকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। পাশাপাশি ঘটনার প্রতিবাদে সব কর্মকর্তা-কর্মচারী সপ্তাহব্যাপী নানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। অভিযোগে জানা যায়, গত ২২ এপ্রিল হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শরীফ উল্লাহ ও মুকুল আচার্যীর নেতৃত্বে একদল নেতা-কর্মী কর বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পৌরসভায় গিয়ে পৌর ভবনে ভাঙচুর চালান। এ সময় তাঁরা পৌরসভার তিনটি গাড়িও ভাঙচুর করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভার সচিব জাবেদ ইকবাল চৌধুরী ওই দিন বাদী হয়ে আওয়ামী লীগের নেতা শরীফ উল্লাহ, মুকুল আচার্যীসহ ৪০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দেন। পুলিশ এ অভিযোগ লিপিবদ্ধ বা রেকর্ড করেনি। এ ঘটনার দুই সপ্তাহ পর গত রোববার রাতে পৌর মেয়র জি কে গউছ, সচিব জাবেদ ইকবাল চৌধুরী, কাউন্সিলর মাহবুবুল হক, পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী সুরঞ্জিত, কর্মচারী আবদুল কাইয়ুমসহ পাঁচজনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় ছিনতাই ও পৌরসভা ভাঙচুরের অভিযোগ আনা হয় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। মামলার বাদী শহরের যশেরআব্দা এলাকার অধিবাসী ও আওয়ামী লীগ-সমর্থক আবদুল আওয়াল।গতকালের সংবাদ সম্মেলনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আওয়ামী লীগ নেতাদের কর বৃদ্ধির বিষয়টি ছিল অজুহাত মাত্র। তাঁরা জনগণের সম্পদ ভাঙচুর করে অন্যায় করেছেন। তাই থানায় মামলা করতে যাওয়া হয়েছিল। কিন্তু হবিগঞ্জ থানার পুলিশ এ মামলা আমলে নেয়নি, বরং তারা আওয়ামী লীগ নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পৌর কাউন্সিলর মাহবুবুল হক হেলাল বলেন, এ মামলার বাদী আবদুল আওয়াল নিজেই চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে থানায় মাদকাসক্তিসহ নানা অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে মেয়র জি কে গউছ কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে এক সপ্তাহের আলটিমেটামসহ ছয় দফা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন।