আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এ সময় মামলার বাদী আজাদ ডাইংয়ের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের শাস্তির দাবি জানানো হয়।নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালিত হয়।ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, দক্ষিণ সস্তাপুরে ১৯ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ জুলাই জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন ও তাঁর লোকজনের ওপর হামলা চালান আবুল কাশেম ও তাঁর লোকজন। এতে রবিউলসহ তিনজন আহত হন। এ ঘটনায় আবুল কাশেমসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে মামলা করেন রবিউল। অন্যদিকে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রবিউল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ওরফে সাজনু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মেহেবুবুল হক ওরফে টগরসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা করেন কাশেম।