আ.লীগ নেতাদের বিরুদ্ধে যুবককে নির্যাতন ও গুমের অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদার দাবিতে জাহিদুল ইসলাম (২৬) নামের এক যুবককে নির্যাতনের পর গুমের অভিযোগ পাওয়া গেছে। এক মাস ধরে জাহিদুলের কোনো খোঁজ না পেয়ে আদালতে মামলা করেছেন তাঁর বাবা লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও বাসুপাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানের ভাবির সঙ্গে প্রতিবেশী জাহিদুলের গত ২৭ মে বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়া নিয়ে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে পরদিন রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আওয়ামী লীগ কর্মী জালাল উদ্দিনের নেতৃত্বে দলীয় নেতারা জাহিদুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। জাহিদুলের বিরুদ্ধে এক বছর আগের একটি গরু চুরির অভিযোগ আনা হয়। পরে আওয়ামী লীগ নেতাদের নির্দেশে গ্রাম পুলিশরা তাঁকে মাটিতে ফেলে ও গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে বেদম মারধর করেন। একপর্যায়ে জাহিদুল জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে আওয়ামী লীগ-নিয়ন্ত্রিত স্থানীয় ‘সমাজকল্যাণ ক্লাব’-এর ভেতরে আটকে রাখা হয়। পরে তাঁর পরিবারের কাছে খবর পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন আওয়ামী লীগ নেতারা। টাকা দিলে জাহিদুলকে ফিরিয়ে দেওয়া হবে বলে তাঁরা জানান। পরে টাকা না পেয়ে জাহিদুলকে গুম করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এর পর থেকে জাহিদুল নিখোঁজ রয়েছেন।
চেষ্টা চালিয়ে জাহিদুলকে ফিরে পেতে ব্যর্থ হওয়ায় লুৎফর গত ৩ জুন রাজশাহীর আদালতে বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া মোল্লাহ, আনিছুর রহমান, ইউপি সদস্য জালাল উদ্দিন, সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম, হাতেম আলী, ইয়াদ আলী, গ্রাম পুলিশ আবুল কালাম ও আয়ূব আলীর বিরুদ্ধে ওই মামলা করেন। আদালতের বিচারক কে এম শহীদ আহম্মেদ থানার ওসিমামলাটি তালিকাভুক্ত করে আগামী মঙ্গলবার (৮ জুলাই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে পুলিশ গত ২২ জুন মামলাটি তালিকাভুক্ত করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার ও জাহিদুলকে উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে অভিযুক্ত ইয়াহিয়া, আনিছুর, জালাল, আবুল কালাম ও আয়ূবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।