আ.লীগ নেতাদের বিরুদ্ধে লোনা পানি ওঠানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় লোনা পানি ওঠানোর প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১১টি গ্রামের কৃষকেরা সাত দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। গত সোমবার পানিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে ৩০০ কৃষক স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে প্রতিদিন এলাকার বিভিন্ন হাটবাজারে মিছিল ও সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সোমবার বিকেলে বড়বাইশদিয়ার তুলাতলীতে বিক্ষোভ-সমাবেশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। কৃষকদের অভিযোগ, রাঙ্গাবালী উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় এলাকার ঘের-মালিকেরা চিংড়ি ঘেরে লোনা পানি ওঠান। এতে বড়বাইশদিয়া ইউনিয়নের ১১টি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়। লোনা পানিতে তরমুজসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। এ ছাড়া লোনা পানিতে ভবিষ্যতে চাষাবাদের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। এলাকাবাসী জানায়, বড়বাইশদিয়া ইউনিয়নের ছাতিয়ানপাড়া, তুলাতলী ও টুঙ্গিবাড়িয়া স্লুইসগেটগুলো নিয়ন্ত্রণ করছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি জাফর হাওলাদার ও সাধারণ সম্পাদক কবির পালোয়ান। এলাকার চিংড়ি ঘেরে এই চার নেতার মালিকানার অংশ রয়েছে। কয়েক দিন আগে ঘেরে চিংড়ি চাষের জন্য তাঁরা একযোগে স্লুইসগেট খুলে এলাকায় লোনা পানি ওঠান। এতে ইউনিয়নের গাইয়াপাড়া, টুঙ্গিবাড়িয়া, কালাচানপাড়া, মক্ষুমপাড়া, কাটাখালী, সামচাঁদ, লাঠিপাড়া, মণিপাড়া, মধুখালী, ছাতিয়ানপাড়া ও কানকুনিপাড়ার বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যায়। লোনা পানিতে মাঠের তরমুজসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে জানতে চাইলে এনামুল ইসলাম বলেন, ‘বড়বাইশদিয়ার যে তিনটি স্লুইসগেট দিয়ে এলাকায় পানি ওঠানো হয়েছে বলে দাবি করা হয়, সেসব গেটসংলগ্ন ঘেরের মালিকানার সঙ্গে ওমর ফারুক, কবির পালোয়ান এবং আমার কোনো সম্পৃক্ততা নেই। আসলে ওই স্লুইসগেট তিনটি জরাজীর্ণ হয়ে পড়ায় সেগুলোর ফাটল দিয়ে লোনা পানি উঠেছে। আমরা এলাকা ঘুরে দেখেছি, যে পরিমাণ পানি উঠেছে তাতে ফসলের কোনো ক্ষতি হয়নি।’ অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে জাফর হাওলাদারের সঙ্গে গতকাল মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে।