আ.লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার নিহত বিল্লালের ছেলে মাসুম মিয়া সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছে সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন ও শহীদুল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুরে সনমান্দী ইউনিয়নের মদনপুর-বারদী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
গতকাল সনমান্দীর ফতেপুর গ্রামে বিল্লালের বাড়িতে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। প্রতিবেশীরা অনেক সান্ত্বনা দিয়েও কান্না থামাতে পারছেন না।
নিহতের স্ত্রী হাসিদা বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, ‘কী অপরাধ ছিল আমার স্বামীর? কেন আমাকে বিধবা করা হলো? আমার ছেলেমেয়েদের এতিম করা হলো?’
উপস্থিত সবাই খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, বিল্লাল হোসেন হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।