আ.লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দুই ছাত্র নিহতের ঘটনায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে সদর উপজেলা যুবলীগ মানববন্ধন করেছে। গতকাল শনিবার জেলা শহরে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে ওই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়কে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, ওই দুই সন্ত্রাসীকে রক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ ওরফে কাঞ্চনসহ ৪১ জনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়েছে।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ বক্তৃতা কেরন। বক্তারা অবিলম্বে মামলা দুটি প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।