জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ১০ জন। এখন আছেন ৪ জন, সবাই আওয়ামী লীগের নেতা। নির্বাচন উন্মুক্ত হওয়ায় তাঁদের জয়-পরাজয় অনেকটাই নির্ভর করছে বিএনপির ভোটারদের ওপর।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের দেওয়া তথ্য অনুসারে, জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ২৬০টি। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের ভাষ্য, এর মধ্যে বিএনপির ভোট রয়েছে সাড়ে তিন শর বেশি।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দলটির ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে ১ জনের মনোনয়ন বাতিল হয় এবং ৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। বাকি ৪ জনের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, মোবাইল ফোন প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওচমান গণি পাটোয়ারী, মোটরসাইকেল প্রতীক নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও আনারস প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউসুফ গাজী গণসংযোগ চালান।
তবে গত রোববার রাতে স্থানীয় ৪ সাংসদ চাঁদপুর-৩ আসনের দীপু মনি, চাঁদপুর-১ আসনের মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৫ আসনের রফিকুল ইসলাম বীর উত্তম ও চাঁদপুর-৪ আসনের শামসুল হক ভুঁইয়া চেয়ারম্যান পদে নুরুল আমিনকে সমর্থন দেন বলে জানা যায়। এরপরই চাঁদপুরের নির্বাচনী পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। পরদিন সোমবার আরেক প্রার্থী ইউসুফ গাজী সংবাদ সম্মেলন করে নির্বাচনে থাকার ঘোষণা দেন। মঙ্গলবার সন্ধ্যায় ‘দলীয় সমর্থন না পাওয়ার’ কারণ দেিখয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মোটরসাইকেল প্রতীকের নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এই মুহূর্তে ৪ সাংসদের ‘সমর্থন’ পাওয়া নুরুল আমিন ও ওচমান গণি পাটোয়ারীকে নির্বাচনী প্রচারণার কাজে সবচেয়ে সক্রিয় দেখা যাচ্ছে। দিনভর তাঁরা নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ভোটারদের কাছে যাচ্ছেন। মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে কথা হয় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর ডি এম শাহজাহানের সঙ্গে। তিনিসহ আরও ১০ জনের বেশি কাউন্সিলর তখন মোবাইল ফোন প্রতীকের ওচমান গণির সমর্থনে প্রচার চালাতে মতলব উপজেলার দিকে যাচ্ছিলেন। ডি এম শাহজাহান বলেন, নির্বাচনে বিএনপির ভোট রয়েছে সাড়ে তিন শর বেশি। এই ভোট যাঁর থলিতে যাবে তাঁর জয়ের সম্ভাবনাই বেশি। একই কথা বলেন, চাঁদপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর েহাসেন।
ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে স্থানীয় সাংসদ শামসুল হক ভুঁইয়ার বাড়িতে বসে ২ নম্বর বালিথুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, সন্দেহ নেই যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নুরুল আমিন ও ওচমান গণির মধ্যে। এখানে বিএনপির ভোটই হবে ফ্যাক্টর।
নুরুল আমিনকে সমর্থন দেওয়া সাংসদ শামসুল হক ভুঁইয়ার মতে, বিএনপির ভোট মোট ভোটের ২৫ থেকে ৩০ শতাংশ। তবে এটা জয়-পরাজয়ে কোনো ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন না।
চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছিরউদ্দীন আহমেদ একজন প্রার্থীকে ৪ সাংসদের সমর্থন দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘এটা সাংসদদের ব্যক্তিগত সমর্থন। সেটা যে কেউ, যে কারোর পক্ষে দিতেই পারেন। এটাকে আমি দলীয় সমর্থন মনে করি না। দলীয়প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো চাঁদপুরের চেয়ারম্যান পদটি উন্মুক্ত করে দিয়েছেন।’ এই সমর্থনের বিষয়টি নির্বাচনে একটি ‘বিভ্রান্তিকর পরিস্থিতি’ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। সাংসদদের সমর্থনের বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছেন ওচমান গণি পাটোয়ারী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই সমর্থনের মাধ্যমে ভোটার ও দলকে বিব্রত করা হচ্ছে।’