বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাদের সহায়তায় ২৬০টি ট্রাক ভাড়া দেওয়া হয়। এতে ট্রাক-সংকটে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে গতকাল শনিবার ১৯ জেলায় সার পরিবহন বন্ধ ছিল।
যমুনা সার কারখানা, স্থানীয় আওয়ামী লীগ এবং ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি ও সার পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, জামালপুর জেলা স্কুল মাঠে গতকাল বিকেলে ২০-দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য দেন। খালেদা জিয়ার এই জনসভার জন্য সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন এবং আওনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি বেল্লাল হোসেনের সহায়তায় সমিতির ২৬০টি ট্রাক ভাড়া দেওয়া হয়। তাঁরা ওই ট্রাকগুলো ভাড়া দেওয়ায় কারখানা এলাকা ট্রাকশূন্য হয়ে পড়ে। এতে সার পরিবহনের জন্য ট্রাক না থাকায় গতকাল সকাল আটটা থেকে সারা দিন কারখানার আওতাভুক্ত ১৯ জেলায় সার পরিবহন বন্ধ ছিল।
ট্রাকে সার ভর্তি করার কাজ করেন শ্রমিক আবদুস ছাত্তার। তিনি বলেন, ‘সকালে কারখানায় এসে দেখি, ট্রাক নাই। দুই ঘণ্টা বইসে থাকার পর ট্রাক না আসায় বাড়িতে চলে আসি। এক দিন বসে থাকলে বাড়িতে পুলাপান নিয়ে কষ্টে থাকতে হয়।’
ট্রাকচালক উমর আলী জানান, খালেদা জিয়া আসছেন, তাই সব ট্রাক লোক নিয়ে সভায় চলে গেছে। এ কারণে সার পরিবহন বন্ধ রয়েছে।
যমুনা সার কারখানা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক লিটন মিয়া জানান, ১৫০টি ট্রাক খালেদা জিয়ার জনসভার জন্য ভাড়া দেওয়া হয়েছে। তাই সার পরিবহন বন্ধ রয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কারখানা থেকে ট্রাকে সার পরিবহনের ঠিকাদার রফিকুল ইসলাম জানান, কারখানা এলাকার বেশির ভাগ ট্রাকচালক বিএনপির সমর্থক। তাই রাতেই ট্রাকগুলো জনসভার জন্য সরিয়ে রাখায় গতকাল সার পরিবহন বন্ধ থাকে।
এ ব্যাপারে মো. বেল্লাল হোসেন জানান, উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জনসভার জন্য ১৫০টি ট্রাক ভাড়া দেওয়া হয়েছে। তবে ছানোয়ার হোসেন জানান, কারখানায় পর্যাপ্ত সার মজুত আছে। একদিন ট্রাকে সার পরিবহন বন্ধ থাকলে কোনো সমস্যা হবে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী, সেই জন্য খালেদা জিয়ার জনসভায় লোক সরবরাহের জন্য দুই শ ট্রাক ভাড়া দেওয়া হয়েছে।
স্থানীয় সাবেক সাংসদ মুরাদ হাসান জানান, খালেদা জিয়ার জনসভার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা ট্রাক দিয়ে সহযোগিতা করেছেন। ওই জনসভায় ট্রাক সরবরাহ করে আওয়ামী লীগ নেতারা দলীয় গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোস্তাফিজুর রহমান গতকাল ট্রাকে সার পরিবহন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।