আ.লীগ নেতাদের হাতে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে বদলির দাবিতে স্থানীয় আওয়ামী লীগের তিন নেতা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ওই দিনই বিকেলে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আওয়ামী লীগের যে তিন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান, উপজেলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এনামুল হক, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি ও মো. পারভেজ।লিখিত অভিযোগে মোখলেসুর রহমান জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক পশ্চিম সদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলায়েত হোসেনের বদলিকে কেন্দ্র করে তাঁকে টেলিফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তিনি কয়েকজন লোক নিয়ে তাঁর কার্যালয়ে আসেন এবং পা থেকে স্যান্ডেল খুলে তাঁকে মারতে উদ্যত হন। মোখলেসুর রহমান আরও অভিযোগ করেন, পরে পৌর আওয়ামী লীগের সোবহান মুন্সি ও মো. পারভেজসহ কয়েকজন মিলে দ্বিতীয় দফা তাঁর কক্ষে এসে হুমকি দেন এবং ১০ মিনিটের মধ্যে বেলায়েত হোসেনকে বদলির আদেশ করে দিতে বলেন। অন্যথায় অফিস থেকে বের হলে তাঁকে লাঞ্ছিত করা হবে বলে জানান। ‘এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় অফিসকক্ষে অবরুদ্ধ হয়ে থাকি এবং পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’ বলেন মোখলেসুর রহমান।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ছিলাধরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পদ শূন্য হলে ওই পদে বদলির জন্য চারজন শিক্ষক আবেদন করেন। এ ক্ষেত্রে বদলির আইন ও বিধান অনুসরণ করে বদলিপ্রত্যাশী সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক মনির হোসেনকে ২১ এপ্রিল শূন্য পদে বদলি করা হয়। বদলির জন্য যে চারজন শিক্ষক আবেদন করেছিলেন তার মধ্যে বেলায়েত হোসেন ছিলেন সবচেয়ে কনিষ্ঠ। বেলায়েত হোসেন ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সির ভগ্নিপতি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, ‘আমি সরেজমিনে গত রোববার ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় পরিদর্শন করেছি। বদলিসংক্রান্ত সিদ্ধান্তটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীতিমালা মেনে আইনানুগ পন্থায় নিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে চরমভাবে অপমান করা হয়েছে।’ ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে জানান, প্রাথমিক শিক্ষক পদে বদলির জন্য জ্যেষ্ঠতা প্রাধান্য পায়। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এনামুল হক বলেন, ‘আমি তাঁর অফিসে গিয়ে তাঁর দুর্নীতির প্রতিবাদ জানিয়েছি। তাঁকে গালিগালাজ করে সতর্ক করেছি।’ স্যান্ডেল খুলে মারতে উদ্যত হওয়ার কথা তিনি অস্বীকার করে বলেন, ‘এটা অতিরঞ্জিত।’ তিনি দাবি করেন, ‘উনি জামায়াত করেন। আমরা আওয়ামী লীগ করি। এ জন্য আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন।’