আ.লীগ নেতাদের 'চাপে' জিডি তুলে নিলেন শিক্ষক ফজলুল
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের এম এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় রাজাপুর থানায় করা সাধারণ ডায়েরিটি (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন ওই শিক্ষক। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চাপে প্রধান শিক্ষক ফজলুল হক আকন অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মহান স্বাধীনতা দিবসে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে গত রোববার প্রধান শিক্ষককে মারধর করা হয়। সোমবার সকালে ছাত্ররা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে প্রধান শিক্ষকের দায়ের করা জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবিরকে আটক করে।
প্রধান শিক্ষক ফজলুল হক আকন গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করে মঙ্গলবার দুপুরে থানায় নেওয়ার পর বিকেলে ফোনে নানাভাবে আমাকে খোঁজাখুঁজি করেন স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা। পরে রাত সাড়ে আটটার দিকে আমি অনেকটা বাধ্য হয়ে থানায় যাই। সেখানে যাওয়ার পরপরই ওসি আমার ওপর ক্ষিপ্ত হয়ে বকাঝকা করেন। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতারাও আমার ওপর কিছুটা ক্ষোভ ঝাড়েন। উপস্থিত সবাই আমাকে জিডি প্রত্যাহারের জন্য চাপাচাপি করলে আমি মানসিকভাবে অসহায় হয়ে পড়ি এবং জিডি প্রত্যাহার করে চলে আসি।’
লাঞ্ছিত শিক্ষক আরও বলেন, ‘অভিযোগ তুলতে গেলে থানার ওসি উল্টো আমাকে বলেন, ওই ঘটনার পর ছাত্রদের নিয়ে আমি নাকি আন্দোলন করিয়ে বিষয়টি ঘোলাটে করেছি। কিন্তু আমাকে যেভাবে লাঞ্ছিত (ঘুষি আর থাপ্পড়) করা হয়েছে, তা তো অনেকের সামনেই করা হয়েছে।’
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস গতকাল বিকেলে বলেন, মঙ্গলবার অভিযোগটি শিক্ষক তুলে নিয়েছেন। এতে কোনো চাপ বা হুমকি দেওয়ার বিষয় ছিল না। কারণ, শিক্ষক এবং আওয়ামী লীগ নেতা দুজনই একই দলের অনুসারী। বিষয়টি স্থানীয় স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে।
সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘এটা নিছক ভুল-বোঝাবুঝি থেকে হয়েছিল। পরে থানায় বসে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতারাসহ গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন।