আ.লীগ নেতার অনুষ্ঠানে বিএনপি নেতা যোগ দেওয়ায়...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত সোমবার আওয়ামী লীগের এক নেতার পারিবারিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সাবেক সাংসদ ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা ছাত্রদলের এক পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। আয়োজক সূত্রে জানা গেছে, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মুহাইমিনের পরিবার সোমবার সন্ধ্যায় জুড়ী ভ্যালি ক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠানে যোগ দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাবেক সাংসদ এবাদুর রহমান চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এর কিছু সময় পর ছাত্রদলের উপজেলা কমিটির আহ্বায়ক আজহার আহমদের নেতৃত্বে ৩০-৩৫ জন নেতা-কর্মী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে এবাদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কামিনীগঞ্জ বাজার ঘুরে ভবানীগঞ্জ বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। এম এ মুহাইমিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এবাদুর রহমান চৌধুরীর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আছে। তিনি একজন সম্মানিত ব্যক্তিও। তাই তাঁকে আমন্ত্রণ জানাই। পরে শুনি, ছাত্রদলের একাংশ তাঁর বিরুদ্ধে মিছিল করেছে। কাজটা মোটেই ঠিক হয়নি।’ এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ছাত্রদলের নেতা আজহার আহমদ ফোন ধরেননি। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, ‘জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধের জের ধরে জেলার অন্যান্য এলাকার মতো জুড়ীতেও বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোতে দুটি পক্ষ বিবদমান। এবাদুরের বিরোধী পক্ষের ছাত্রদলের নেতা-কর্মীরা সোমবার বিক্ষোভ মিছিল করেন।’এবাদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, পারিবারিক অনুষ্ঠানে গিয়েছি। ছাত্রদলের কিছু ছেলে না বুঝে মিছিল করেছে।’