আ.লীগ নেতার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
কুষ্টিয়ায় সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেট গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন মালিথা জায়গা দখল করে এ মার্কেট নির্মাণ করছিলেন।
গতকাল রোববার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুন অভিযান চালিয়ে নির্মাণাধীন মার্কেট গুঁড়িয়ে দেন। এ সময় সেখানে র্যা ব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য ছাড়াও সওজের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার কাজ বন্ধ করতে গেলে আলতাফ হোসেন ও তাঁর লোকজন সওজের নির্বাহী প্রকৌশলীসহ সওজের কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে বিপুলসংখ্যক র্যা ব ও পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। বুলডোজার দিয়ে ইটের তৈরি কয়েকটি ছোট ছোট দেয়াল ভেঙে দেওয়া হয়। ভাঙার সময় জমির মালিকানা দাবিদার আলতাফ হোসেন মালিথা ফাইল হাতে দাঁড়িয়ে ছিলেন। তিনি আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বরাত দিয়ে ইউএনওকে বোঝানোর চেষ্টা করেন। সেখানে শহর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার নাম বারবার বলতে থাকেন তিনি।
ইউএনও খোদেজা খাতুন ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে। যত দিন তাঁরা (আওয়ামী লীগ নেতা আলতাফ) এ জমিকে নিজের জমি প্রমাণ করতে না পারবেন, তাঁদের এখানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। জমি দাবি করলেও তাঁরা এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
আলতাফ হোসেন মালিথা দাবি করেন, আদালত তাঁদের পক্ষে রায় দিয়েছেন। ১০ ফুট জমি তাঁদের কাগজপত্রে রয়েছে। তারপরও বারবার ভেঙে দেওয়া হয়।
এর আগে গত শনিবার সকালে সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ করলে তাঁর ওপর হামলা চালায় আলতাফ হোসেনের লোকজন। এ নিয়ে প্রথম আলোতে গতকাল একটি প্রতিবেদন ছাপা হয়।