আ.লীগ নেতার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলার হাট-করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ঘর নির্মাণ করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের নির্দেশে গতকাল বৃহস্পতিবার পুলিশ নির্মাণাধীন ওই স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯০৩ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ের ১ একর ৭৩ শতাংশ জমি রয়েছে। স্থানীয় জোড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে থাকার সুযোগে তিনি স্কুলের ১০-১২ শতক জমি দখল করে সেখানে পাকাঘর নির্মাণ করছিলেন। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন।সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার বলেন, অভিযোগ পেয়ে গতকাল সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে নির্মাণাধীন স্থাপনা গুঁড়িয়ে দেয়। অবৈধভাবে ঘর নির্মাণের জন্য ওই নেতা তাঁর কাছে ভুল স্বীকার করেছেন।জানতে চাইলে আনারুল ইসলাম বলেন, ১০ মার্চ পর্যন্ত তিনি ওই বিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর জানামতে, বিদ্যালয়ের জায়গায় অনেকেই দোকানঘর তুলে ব্যবসা করছেন। এ কাজে তিনি জড়িত নন। ইউএনওর কাছেও তিনি ভুল স্বীকার করেননি বলে দাবি করেছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ফাতেমা বেগম বলেন, যে জমিতে ঘর নির্মাণ করা হচ্ছিল, সেটা বিদ্যালয়ের জায়গা। কাউকে না জানিয়েই সেখানে ঘর নির্মাণ করা হচ্ছিল।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারোয়ার জাহান বলেন, অভিযোগ পেয়ে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দখলকারী কারা, তা তদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে।