আ.লীগ নেতার অভিযোগে বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুল ইসলাম বিদ্যালয়টির নির্মাণকাজ বন্ধ করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুন্দাঘাটা গ্রামের তিন কিলোমিটার এলাকার মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। তাই ১৯৯৪ সাল থেকে এলাকাবাসী একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের চেষ্টা করে আসছে। পরে ওই এলাকার বর্তমান চেয়ারম্যান আ ন ম ইব্রাহীম খলিল তাঁর পরিবারের ৩৩ শতাংশ জমি বিদ্যালয়ের নামে লিখে দিয়ে দুটি রুমের মধ্যে বিদ্যালয়ের কাজ শুরু করেন। কিন্তু আর্থিক সংকটে এবং সরকারি অনুদান না পাওয়ায় ১৯৯৬ সালে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। সেই থেকে ওই এলাকার ছেলেমেয়েদের তিন কিলোমিটার দূরের স্কুলে যেতে হয়। পরে ২০১১ সালের ২ নভেম্বর বর্তমান সরকার দেশের বিদ্যালয়হীন দেড় হাজা গ্রামে বিদ্যালয় করার প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের আওতায় শর্ত সাপেক্ষে পরিপত্র অনুযায়ী ওই গ্রামে ‘হেলেনা জব্বার কুন্দাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নাম দিয়ে জমিদাতারা অঙ্গীকারনামা দেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে ওই নামের স্কুলটি অনুমোদিত হয়। সম্প্রতি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম লিখিতভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ওই গ্রামে আগে থেকেই একটি প্রাথমিক বিদ্যালয় আছে। ওই বিদ্যালয়ের নামে বর্তমান চেয়ারম্যান বিভিন্ন সময়ে অর্থ আত্মসাৎ করেছেন। তাঁরা যে জমি স্কুলের নামে লিখে দিয়েছেন, সেই পরিমাণ জমি ওই স্থানে নেই।বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জমিদাতা আ ন ম খলিলুর রহমান ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় স্কুল নিয়েও একটি মহল রাজনীতির খেলা শুরু করেছে।’ কুন্দাঘাটা গ্রামের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান, ইউপি সদস্য ফিরোজ মিয়া ও জামাল উদ্দিন জানান, ‘একটি মিথ্যা অভিযোগ দিয়ে স্কুলের কাজটি বন্ধ করা হয়েছে। যারা এ কাজ করেছে, তারা আমাদের গ্রামের এবং ছেলেমেয়েদের ভালো চাইতে পারে না।’ স্কুল বন্ধের অভিযোগকারী মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, ‘কুন্দাঘাটা গ্রামের পাশে মদনখালী আমার গ্রাম। আমি আমার গ্রামে স্কুলটি করতে চাই, তাই ওই অভিযোগ দিয়েছি। তা ছাড়া চেয়ারম্যান স্কুলের কথা বলে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছেন।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী প্রথম আলোকে বলেন, ‘ওই গ্রামে আগে থেকে কোনো সরকারি বা বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। শিক্ষাসচিবের করে দেওয়া কমিটি গত শনিবার ওই এলাকা ঘুরে এসেছে। তাদের দেওয়া প্রতিবেদনের পরই ওই বিদ্যালয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় স্কুলের কাজ বন্ধ রেখেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।