নড়াইলের লোহাগড়ায় এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় করা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন।
গতকাল রোববার দুপুরে নড়াইলের বিচারিক হাকিম মাজাহারুল ইসলামের আদালতে আজিজুর রহমান আত্মসমর্পণ করেন।
আদালত কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
একই আদালত গতকাল মূল আসামি শফিকুল শেখ, তাঁর ভাই হাসান শেখ এবং প্রতিবেশী নান্নু মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আদালতে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড মঞ্জুর করেন।
১০ মে নির্যাতনকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে ১৮ মে নড়াইলের জেলা প্রশাসক ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
নির্যাতনের শিকার ওই তরুণীর পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, শালবরাত গ্রামের সেনাসদস্য শফিকুল শেখের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ২১ নভেম্বর দুজনের বিয়ে হয়। এটা মেনে নেয়নি শফিকুলের পরিবার। একপর্যায়ে শফিকুলও মেয়েটিকে এড়িয়ে চলতে শুরু করেন। এ অবস্থায় ওই তরুণী ৩০ এপ্রিল শফিকুলদের বাড়িতে গেলে তাঁকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় ৫ মে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুলসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন।
এসআই নজরুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত সাত আসামিই গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া শফিকুলের চাচা হিরু শেখকেও গ্রেপ্তার করা হয়েছে।