আ.লীগ নেতার আপত্তি বিপাকে ১৫৭ দুস্থ নারী
বিধি অনুযায়ী ভিজিডির উপকারভোগীদের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠাবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউএনও ওই তালিকা অনুমোদন করার পর চাল বিতরণ শুরু হবে। কিন্তু আওয়ামী লীগের এক নেতা আপত্তি করায় ওই তালিকা আর অনুমোদন হয়নি। এ কারণে ছয় মাস ধরে ১৫৭ জন দুস্থ নারী চাল না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘটনাটি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ওই তালিকার অর্ধেক উপকারভোগীর নাম তাঁর সুপারিশ অনুযায়ী অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেই প্রস্তাব না রাখায় তিনি ইউএনওর কাছে ওই তালিকার ব্যাপারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে আপত্তি জানিয়েছেন। এ কারণে ইউএনও ওই তালিকা অনুমোদন করেননি।
ফজলুর রহমান জানান, ইউপির চেয়ারম্যান বিএনপির নেতা হওয়ায় দলীয় দৃষ্টিকোণ থেকে তালিকা করা হয়েছে। যে কারণে তিনি আপত্তি দিয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ জানান, সাধারণত স্বামী পরিত্যক্তা, বিধবা ও দরিদ্র নারীদের তালিকা তৈরি করে ভিজিডির কার্ড দেওয়া হয়। প্রত্যেক কার্ডধারী মাসে ৩০ কেজি করে চাল পান। ইউপির সদস্যদের সঙ্গে নিয়ে এই তালিকা করে গত জানুয়ারিতে ইউএনওর কার্যালয়ে জমা দিয়েছিলেন। সে সময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তাঁর কাছে তালিকার অর্ধেক উপকারভোগীর নাম তাঁদের সুপারিশ অনুযায়ী রাখার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি রাখেননি। এ কারণে ফজলুর রহমান ওই তালিকার ব্যাপারে আপত্তি দিয়েছেন। আবদুল মজিদ দাবি করেন, তিনি নিরপেক্ষভাবে প্রকৃত দুস্থ নারীদের তালিকায় রেখেছেন।
ইউপির চেয়ারম্যানের তালিকায় থাকা কলাফুলা গ্রামের জরিনা খাতুন জানান, দেড় বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। তিনটি সন্তান নিয়ে তিনি অতি কষ্টে দিন কাটাচ্ছেন। পাঁচ-ছয় মাস আগে সরকারি সাহায্য পাওয়ার জন্য তিনি এক ইউপি সদস্যের কাছে ছবি দিয়েছিলেন। ভেবেছিলেন মাসে ৩০ কেজি করে চাল পাবেন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও কোনো কিছু না পেয়ে হতাশ হয়েছেন।
ইউএনও আবুল বশার জানান, তালিকার ব্যাপারে একটি রাজনৈতিক দলের নেতারা আপত্তি দিয়েছেন। এ কারণে যথাসময়ে ওই তালিকা অনুমোদন করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।