আ.লীগ নেতার কাছে কম দামে গাছ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিরুদ্ধে সরকারি রাস্তার কাটা গাছ গোপনে কম দামে আওয়ামী লীগের নেতার কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, দুই লক্ষাধিক টাকার সরকারি গাছ মাত্র ৫০ হাজার টাকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুরাত আলী তাঁর ছেলে মোয়াজ্জেম হোসেনের নামে কিনেছেন।উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে লাগানো বনজ বৃক্ষ ঝড়ে ভেঙে ও উপড়ে যায়। এ ছাড়া কয়েকটি গাছের ডালপালা ভেঙে সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভেঙে পড়া ওই গাছগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদে রাখা হয়। ঝুঁকিপূর্ণ ও ভেঙে পড়া গাছগুলো দরপত্রের মাধ্যমে বিক্রির জন্য এলজিইডি অফিস উদ্যোগ নেয়। গাছগুলোর মূল্য নির্ধারণ করা হয় ৭৮ হাজার টাকা। গত বৃহস্পতিবার গাছগুলো খোলা ডাকে বিক্রির কথা। ওই দিন আগ্রহীরা ডাকে অংশ নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে গেলেও রহস্যজনক কারণে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা স্থগিত করে পরের দিন বিক্রির ঘোষণা দেন। সেই মোতাবেক পরদিন শুক্রবার ডাকে অংশ নেওয়ার জন্য কাঠ ও গাছ ব্যবসায়ীরা গেলেও তাঁদের জানানো হয়, ইউপি চেয়ারম্যান সুরাত আলীর ছেলের কাছে গাছগুলো বিক্রি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সুরাত আলী বলেন, ‘আমি ছেলের নামে গাছগুলো ৫০ হাজার টাকায় কিনেছি। এই গাছ বিক্রি করে যে লাভ হবে তা একটি প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে, এ জন্য ডাকে অংশ নিতে আসা অন্য কাঠ ব্যবসায়ীদের বুঝিয়ে সেগুলো নেওয়া হয়েছে।’তবে কাঠ ব্যবসায়ী ভবানীগঞ্জের বাবু অভিযোগ করেন, ‘দুই লক্ষাধিক টাকার গাছ গোপনে মাত্র ৫০ হাজার টাকায় দেওয়া হয়েছে। আমিসহ অন্যরা দুই দিন ডাকে অংশ নিতে যাই। পরে আমাদের জানানো হয়েছে সেগুলো বিক্রি করা হয়েছে। এলজিইডির কর্মকর্তারা গোপনে কাজটি আওয়ামী লীগ নেতাকে দিয়েছেন।’ একই ধরনের কথা বলেন, সেলিম নামের আরেক ব্যবসায়ী।গাছ বিক্রির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা এলজিইডি দপ্তরের কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেম বলেন, ‘গাছগুলো ৫০ হাজার টাকায় ইউপি চেয়ারম্যান সুরাত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেনকে দেওয়া হয়েছে। চেয়ারম্যান গাছ বিক্রির লাভের টাকা একটি প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করবেন, এ জন্য কম দামে দেওয়া হয়েছে।’ তবে এই কমিটির সদস্যসচিব উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হোসেন আলী মীর বলেন, ‘কিছু গাছ চুরি হয়েছে, তাই দাম কম ধরা হয়েছে।’