আ.লীগ নেতার কারখানা থেকে দুই হাজার বস্তা ভেজাল সার উদ্ধার
রাজশাহীর বিসিক এলাকায় মৌসুমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে অনুমোদনহীন একটি কারখানায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দুই হাজার বস্তা ভেজাল দস্তা সার আটক করেছে র্যাব। কারখানার মালিক নগরের শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আক্তারুল আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগে পেট্রো এস কেমিক্যাল নামের অপর একটি প্রতিষ্ঠানের মালিককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলাকালে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দোলা উপস্থিত ছিলেন। এই কারখানার পাশেই পেট্রো এস কেমিক্যাল কারখানার অবস্থান। তবে সৈয়দ আক্তারুল আলম গতকাল দুপুরে জামিনের আবেদন করলে সন্ধ্যায় তা মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় চক্রবর্তী। র্যাব কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সার বাইরে থেকে কিনে এনে বিক্রি করার অনুমোদন তাঁদের রয়েছে। কিন্তু তাঁরা এ ব্যবসার আড়ালে সার উৎপাদন, মোড়কজাত ও বিপণন করছে। এতে তারা যে উপকরণ ব্যবহার করছে তা প্রাথমিকভাবে ছাই, মাটি ও ব্যাটারির কালি বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এর আগেও একবার এই কারখানার মালিকের জরিমানা করা হয়। ফের তাঁরা একই কাজ শুরু করেছেন।সার কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, তাঁদের লাইসেন্স আছে, কিন্তু ফর্মুলায় ভুল হয়েছে। তিনি স্বীকার করেন, তাদের কেমিস্ট ও ল্যাবরেটরি নেই। নিজেরাই সার তৈরি করছিলেন।