আ.লীগ নেতার ঘুষিতে মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আকতাবউদ্দিন সিকদারের (৫০) ঘুষিতে প্রাণ হারালেন এক গুড় ব্যবসায়ী। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগ নেতা তাকে ঘুষি মারেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ইমরুল মোল্লা (৩৪)। তার বাড়ি চতুল ইউনিয়নের বাইক্ষীর গ্রামে। তিনি বিএনপির রাজনীতির সমর্থক বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সহ্রস্রাইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, সহস্রাইল বাজারে আজ ছিল হাটের দিন। সেখানে আখ ও খেজুরের পাটালী গুড় বিক্রি করতে যান ইমরুল মোল্লা। ইমরুল পাশের আরেক গুড় ব্যবসায়ীর কাছে দেশের রাজনীতি নিয়ে কথা বলছিলেন। পাশ থেকে আওয়ামী লীগ নেতা আকতাবউদ্দিন তার কথা শোনেন। ইমরুলের কথা মন:পুত না হওয়ায় তিনি তাকে ঘুষি মারেন। আকতাব ইমরুলের ঘাড়, চোয়ালসহ মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় ঘুষি মারেন। এতে ইমরুল জ্ঞান হারিয়ে ফেলেন। ইমরুলকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক মোরশেদ আলম তাকে মৃত ঘোষণা করেন। চিকিত্সক মোরশেদ আলম বলেন, ইমরুলের ঘাড়ের কোনো এক সংবেদনশীল জায়গায় ঘুষি লাগে। এতে তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনার পর আকতাবউদ্দিন আত্মগোপন করেছেন। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ইমরুলের লাশ আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।