আ.লীগ নেতার ছত্রচ্ছায়ায় অবৈধ বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় আওয়ামী লীগ নেতার ছত্রচ্ছায়ায় একটি প্রভাবশালী চক্র পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে। উপজেলার কুমারভোগ, শিমুলিয়া ও মাওয়াঘাট এলাকা থেকে ছয় মাস ধরে বালু উত্তোলন চললেও প্রশাসন নীরব।
স্থানীয় লোকজন জানান, কুমারভোগ ইউনিয়নের কুমারভোগ, শিমুলিয়া ও মাওয়াঘাটের এক কিলোমিটার এলাকায় ছয়-সাতটি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র ও ১৫-২০টি বাল্কহেড বসানো হয়েছে। ছয় মাস ধরে কোনো অনুমতি না নিয়েই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশীদ শিকদারসহ একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু তুলছে।
লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোসলেম ব্যাপারী বলেন, দিনের বেলা ড্রেজারগুলো নদীতে নোঙর করে রাখা হয়। বিকেল হলে ড্রেজার নিয়ে নদীতে বালু কাটা শুরু হয়। হলদিয়া ইউনিয়নের ব্যবসায়ী মো. কামাল জানান, অবৈধভাবে বালু কাটার প্রতিবাদ করতে গেলে তাঁরা পদ্মা সেতুর সংযোগ সড়কের জন্য মাটি কাটা হচ্ছে বলে স্থানীয় লোকজনকে জানান। এভাবে বালু উত্তোলনের ফলে লৌহজংয়ে আবারও নদীভাঙন দেখা দিয়েছে।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশীদ শিকদার জানান, তাঁরা পদ্মা সেতুর সংযোগ সড়কের জন্য বালু উত্তোলন করছিলেন। এখন এই বালু কাটা বন্ধ রয়েছে। তবে অন্যরা কাটছে কি না, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেকুজ্জামান বলেন, এখানে মাটি কাটার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।