আ.লীগ নেতার ছেলে এবার মোটরসাইকেল চুরি করে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে জাহাঙ্গীর মুন্সী (৩৮) পুলিশের হাতে আটক হয়েছেন। গত মঙ্গলবার রাতে শালিখা উপজেলা সদরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক প্রথম আলোকে জানান, ওই দিন রাত সাড়ে আটটার দিকে একমি ল্যাবরেটরিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. আরিফুজ্জামান আড়পাড়ায় বাসার সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন মোটরসাইকেলটি নেই। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আড়পাড়া বাজার এলাকায় বাবর আলী মুন্সীর বাড়িতে নিবন্ধন নম্বর পরিবর্তন করার সময় চুরি হওয়া ওই মোটরসাইকেলসহ জাহাঙ্গীর মুন্সীকে আটক করে। এ ব্যাপার শালিখা থানায় মামলা হয়েছে।ওসি আরও জানান, জাহাঙ্গীর মুন্সী দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রায় ১৫ বছর আগে মাগুরা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশের এক উপপরিদর্শকের মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় পুলিশ জাহাঙ্গীর মুন্সীকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করে। ওই ঘটনায় জাহাঙ্গীর দীর্ঘদিন হাজতবাস করেন। চলতি বছরের প্রথম দিকে স্থানীয় এক কৃষকের গরু চুরি করে জাহাঙ্গীর লোকজনের হাতে ধরা পড়েন। গত নভেম্বর মাসে স্থানীয় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত এবং ওই ছাত্রীর মাকে মারধর করার অপরাধে জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা হয়।