আ.লীগ নেতার ছেলের দোকান পুড়ে ছাই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা বাজারে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছেলের দোকান আগুনে পুড়ে গেছে। ওই নেতার পরিবারের অভিযোগ, অগ্নিকাণ্ডের সঙ্গে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়িত।
গত সোমবার রাতে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া রাসেল শু স্টোর নামের ওই জুতার দোকানের মালিক রোকনুজ্জামান রাসেল। তিনি শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের ছেলে।
রুহুল আমীন বলেন, সোমবার রাতে পুলিশ শেখটোলা এলাকায় অভিযান চালিয়ে আমীর আলী নামের একজন শিবির কর্মীকে গ্রেপ্তার করে। এর জের ধরে স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা গভীর রাতে তাঁর ছেলের দোকানে আগুন দেন। আগুনে দোকানের সব মাল পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
রুহুল আমীন জানান, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে স্থানীয় জামায়াত-শিবির এর আগেও তাঁর ও পরিবারের ওপর হামলা চালিয়েছে। গত বছরের ডিসেম্বরে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের দিন তাঁর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই দিনও এই জুতার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। গত ১৫ জানুয়ারি তাঁর অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে রাজন আলীকে মারধর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজন মারা যায়।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, আগুন কীভাবে লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আপাতদৃষ্টিতে মনে হয়েছে, ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।