আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক দিনমজুরকে উপজেলা আওয়ামী লীগের এক নেতার ছেলে মারধর করে তাঁর টাকা কেড়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।হামলার শিকার ওই দিনমজুরের নাম আসাদুল (৩০)। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের মহারাজাপুর গ্রামের বারেক প্রধানের ছেলে। আসাদুল অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় তিনি বহরপুর ভাঙা সেতুর কাছে তাঁর বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার পর মোটরসাইকেলে নিয়ে আসা সজীব বিশ্বাস ও তাঁর সহযোগী মন্টু তাঁর গতিরোধ করে। এ সময় তাঁরা তাঁর নাম-ঠিকানা জানতে চান ও তাঁর কাছে থাকা টর্চলাইটটি ছিনিয়ে নেন। এরপর তাঁরা তাঁর পকেটে থাকা ৪৮৪ টাকা নিয়ে যান।আসাদুল আরও অভিযোগ করেন, তিনি টাকা ফেরত চাইলে সজীব ও তাঁর সহযোগী প্রথমে টর্চলাইট দিয়ে তাঁর কাঁধে আঘাত করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় স্থানীয় মানুষ এগিয়ে এলে তাঁরা মোটরসাইকেল চালিয়ে চলে যান। যাওয়ার সময় তাঁরা এ ঘটনা কাউকে বললে একেবারে শেষ করে দেবে বলে আসাদুলকে হুমকি দিয়ে যান। সজীব বিশ্বাস অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই এলাকায় গাঁজা বিক্রি হয়। আসাদুল গাঁজা কেনার জন্য ওখানে যাওয়ায় তিনি তাঁকে মারধর করেছেন। সজীব বিশ্বাস বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন বিশ্বাসের ছেলে। তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন জানান, এ ব্যাপারে কেউ তাঁর কাছে কোনো অভিযোগ করেননি।