আ.লীগ নেতার ছেড়ে দেওয়া ফাঁকা মাঠে নৌকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজিরবিহীন নিরাপত্তায় গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ২১ কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়েছে। দুই দফা নির্বাচনে এই আসনের ৮১ কেন্দ্রে এক লাখ ৮৫ হাজার ৬৬৯ ভোটের মধ্যে ৭৪ হাজার ৯১৪ অর্থাৎ ৪০ দশমিক ৩ ভাগ ভোট পড়েছে। এর মধ্যে নৌকা পেয়েছে ৪৯ হাজার ৬৫৬ ভোট।
৫ জানুয়ারি এই আসনের ৮১টি কেন্দ্রের মধ্যে অন্তত ৪০টিতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সহিংসতা চালান। মাসিমপুর কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন এক ছাত্রশিবির কর্মী।
গতকাল প্রতি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য, সঙ্গে বিজিবির সদস্যরা ছিলেন। একটু দূরে টহলগাড়িতে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর গাড়িতে জুড়ে দেওয়া ছিল বড় বন্দুক ও মাইক। প্রতি কেন্দ্রে অন্তত একজন করে ম্যাজিস্ট্রেটও দেখা গেছে। কোনো কেন্দ্রে একাধিক ম্যাজিস্ট্রেটও ছিলেন। প্রশাসনের হিসাবে এই নির্বাচনে ৮০০ পুলিশসহ প্রায় দুই হাজারের অধিক নিয়মিত বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।
নির্বাচনী হালচাল: বিএনপি-জামায়াতের শক্ত ঘাঁটি রামগঞ্জে এবার নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম। লাঙ্গল প্রতীকে মাহমুদুর রহমান প্রার্থী হলেও তাঁর কোনো নির্বাচনী কর্মকাণ্ডই ছিল না।
এম এ আউয়াল এই এলাকায় নতুন মুখ। নির্বাচনের আগে গত ২৩ ডিসেম্বর হেলিকপ্টারে করে রামগঞ্জে এসে চমক দেখান তিনি। ওই দিনই আবার ঢাকায় ফিরে যান। এরপর ভোটের আট দিন আগে রামগঞ্জে এসে প্রচারণা চালান। আর সফিকুল রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান। সব মিলিয়ে ভোটের মাঠে তাঁরও অবস্থান ছিল। তাই ৫ জানুয়ারি নির্বাচনে নৌকা ও আনারসের লড়াইয়ের আভাস ছিল। কিন্তু ৮১টি কেন্দ্রের মধ্যে জামায়াত-শিবিরের ব্যাপক সহিংসতার পর ২১টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়। আর ৬০টি কেন্দ্রের ভোটে এম এ আউয়াল ২৯ হাজার ৬৯২ ভোট আর আনারসের সফিকুল ২০ হাজার ৯১১ ভোট পান।
তবে গতকাল ২১ কেন্দ্রের নির্বাচনে নৌকা আর আনারসের ভোটের ফারাক হয়েছে আকাশপাতাল। রাতে বেসরকারি হিসাবে ২১ কেন্দ্রের ৫০ হাজার ৯২ ভোটের মধ্যে নৌকা প্রতীকে পড়েছে ১৯ হাজার ৬৬৪ ভোট। বাকিদের মধ্যে আনারস ৯৪৭, লাঙ্গল ২৯১টি ভোট পেয়েছে।
এলাকায় প্রচার রয়েছে, দুই প্রার্থীর মধ্যে সমঝোতা হয়েছে। তবে দুই প্রার্থীর কেউ তা স্বীকার করেননি। ৫ জানুয়ারির পর থেকে সফিকুল নির্বাচনী কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঢাকায় চলে যান। গতকালও তিনি ঢাকায় ছিলেন। গতকাল কেন্দ্রগুলোতে তাঁর কোনো এজেন্টও ছিল না।
সফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ভোট করছি না। মামলা দেওয়ার কারণে আমার এজেন্ট, কর্মীরা এলাকাছাড়া। তাই কেন্দ্রে এজেন্টও দেওয়া হয়নি।’
তবে গতকাল সকালে সফিকুলের প্রধান এজেন্ট আবু তাহের পাটোয়ারী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ১২টি কেন্দ্র থেকে তাঁদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে ও রাতে নেতা-কর্মীদের ভয় দেখানো হয়েছে। এ কারণে ভোট বর্জন করছেন তাঁরা।
তবে যেসব কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা গতকাল সকালে সেগুলোর কয়েকটিতে গিয়ে জানা যায় আনারস প্রতীকের কোনো এজেন্টই সেখানে আসেননি।
এম এ আউয়াল বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। দলের বিপরীতে গিয়ে কেউই কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। আমি খুশি হতাম, যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের মাঠে থাকতেন।’