আ.লীগ নেতার ছোট ভাইয়ের দখল করা বাড়ি উচ্ছেদ
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই মো. নাজিম উদ্দিনের সরকারি জায়গা দখল করে নির্মাণ করা বাড়িটি উচ্ছেদ করা হয়েছে গতকাল মঙ্গলবার সকালে। এ সময় ওই বাড়িতে কয়েকজন নারী থাকলেও পুলিশ দেখে তাঁরা পালিয়ে যান। সকাল সাড়ে ১০টায় নির্বাহী হাকিম শীলব্রত কর্মকার পানি উন্নয়ন বোর্ডের বেদখল হওয়া জায়গার পাশে আসেন। এ সময় কয়েকজন নারী নতুন নির্মাণ করা বাড়িতে অবস্থান করছিলেন।পরে সেখানে পুলিশ এলে নারীরা পেছন দিকে পালিয়ে যান। এরপর নির্বাহী হাকিম ও পুলিশের উপস্থিতিতে প্রায় তিন ঘণ্টা উচ্ছেদ অভিযান চলে। ১৯ আগস্ট রাতে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার ওয়াপদা কলোনিতে মো. নাজিম উদ্দিন পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন পাঁচ হাজার ৫৬ দশমিক ৫০ বর্গফুট আয়তনবিশিষ্ট একটি প্লট দখল করে বাড়ি নির্মাণ করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর ওই স্থান থেকে বাড়ি তুলে নিতে অনুরোধ করেন। এ ব্যাপারে শুক্রবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।