আ.লীগ নেতার জমি দখল করলেন ছাত্রলীগ নেতা!
বগুড়া শহর আওয়ামী লীগের এক নেতার পৌনে ছয় শতক জায়গা শহর ছাত্রলীগের এক নেতা দখল করে সীমানাপ্রাচীরের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আওয়ামী লীগের ওই নেতার স্ত্রী গত বৃহস্পতিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।বগুড়া শহর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ করে জানান, তিনি ২০০০ সালে শহরের নিশিন্দারা খাঁপাড়া এলাকায় পৌনে ছয় শতক জমি কেনেন। জায়গাটি তাঁর স্ত্রী রাবেয়া খাতুনের নামে কবলামূলে দলিল করা হয়। তিনি ওই জমিতে সীমানাপ্রাচীর দিয়ে সেখানে গাছ রোপণ করেছেন। গত বুধবার বগুড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তাঁর দলবল নিয়ে জায়গাটি দখল করেছেন। শুধু তাই নয়, রবিউল সীমানাপ্রাচীরের দরজায় ক্রয়সূত্রে এই জমির মালিক লিটন (রবিউলের ডাক নাম) ও মুঠোফোনের নম্বর লিখে রেখেছেন। তিনি বিষয়টি জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের জানিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই জমি ১০ বছর আগে শফিকুল ইসলাম কিনেছেন। ওই এলাকার মাহবুবুর রহমান ও হায়দার আলী জানান, শফিকুল ইসলাম ওই জমিতে গাছ রোপণ করেছেন। গত বুধবার তাঁদের সামনেই জায়গাটি দখল করা হয়।ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার তিনি জনৈক হামিদের কাছ থেকে ওই জমি কিনেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। উভয়ের কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।