আ.লীগ নেতার তোরণে প্রাণ গেল হেলপারের
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার সকালে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস সড়কের ওপর একটি তোরণের সঙ্গে থাকা তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসের হেলপার মিরাজ নিহত ও চালক গুরুতর আহত হন।পুলিশ সূত্র জানায়, দুই মাস আগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ডে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান শফিক খানের পক্ষে আওয়ামী লীগের স্থানীয় নেতা শামসুল হক সরদার তিনটি তোরণ নির্মাণ করেন। স্থায়ীভাবে রাখার জন্য সেগুলো অপসারণ করা হয়নি। মহাসড়কের ওপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে তোরণের একটি লোহার পাইপের সংযোগ ঘটেছিল।দিনাজপুর থেকে বরিশালগামী বিআরটিসির যাত্রীবাহী বাসটি গতকাল সকাল ১০টার দিকে তোরণের ওই লোহার পাইপের সঙ্গে ঝুলে থাকা তারের স্পর্শ হওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসটি সড়কের ওপর থমকে যায় এবং তার থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এ সময় আগুনে পুড়ে বাসের হেলপার মিরাজ ঘটনাস্থলেই মারা যান। তিনি বগুড়ার মোনাসেকপুর গ্রামের মুসা মিয়ার ছেলে। গুরুতর আহত হন মাদারীপুর সদর থানার কনস্টেবল সিরাজুল ইসলাম ও বাসের চালক। তাঁদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য শামসুল হক সরদারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।